বিধ্বস্ত এয়ার এশিয়া বিমানের ব্ল্যাকবক্স (ফ্লাইট ডাটা রেকর্ডার) উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার কর্মকর্তারা। সোমবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান ব্যামব্যাং সোয়েলিস্তো জানিয়েছেন, সকাল সাতটা ১১ মিনিটে বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্সের একটি অংশ উদ্ধার করার বিষয়টি জানতে পেরেছি, যাকে আমরা ফ্লাইট ডাটা রেকর্ডার বলি। এখন উদ্ধারকারী দল ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধারে অনুসন্ধান চালাচ্ছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ব্ল্যাকবক্সটি বিশ্লেষণের জন্য ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাতে পাঠানো হতে পারে। এর ডাটার পুরো পাঠ তৈরি করতে এক মাস সময় লাগতে পারে। তবে ব্ল্যাকবক্সটি কোন অবস্থায় আছে তা জানায়নি কর্তৃপক্ষ।
১৬২ আরোহী নিয়ে ২৮ ডিসেম্বর ভোরে ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে সিঙ্গাপুরে যাওয়ার পথে এয়ার এশিয়ার কিউজেড৮০৫১ ফ্লাইটটি বিধ্বস্ত হয়। এখন পর্যন্ত ৪৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বিমানটির মূল কাঠামোর মধ্যে বেশিরভাগ লাশ রয়েছে।
এর আগে রবিবার বিমানটির মূল কাঠামোর সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে উদ্ধারকারী দল।
