ফ্রান্সে সংহতি সমাবেশে জনসমুদ্র

আপডেট : ১২ জানুয়ারি ২০১৫, ১২:৩৪
 
ফ্রান্সে ইসলামী চরমপন্থীদের সহিংসতায় ১৭ জন নিহত হওয়া ঘটনার বিরুদ্ধে সংহতি সমাবেশে যোগ দিতে লাখ লাখ মানুষ রাজধানী প্যারিসে জড়ো হয়েছিলেন। শুধুমাত্র প্যারিসেই ১৬ লাখের বেশি মানুষ সমাবেশে অংশ নিয়েছিল। আর গোটা ফ্রান্স জুড়ে ৩৭ লাখের বেশি মানুষ সমাবেশ করেছে। সোমবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 
র‌্যালিতে অংশ নেয়া অনেকের হাতে ছিল ফ্রান্সের পতাকা ও প্ল্যাকার্ড। এত বিপুল মানুষের সমাবেশ ফ্রান্সের ইতিহাসে আগে আর কখনই ঘটেনি।
 
IMG0
 
বিভিন্ন দেশের অন্তত ৪০ জন নেতা এই সমাবেশে যোগ দিয়েছিলেন। এদের মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
প্যারিসে বিশ্ব নেতাদের উপস্থিতিতে মিছিলের নেতৃত্ব দেন সন্ত্রাসী হামলায় নিহতদের স্বজনেরা। নগরীর রিপাবলিকান প্রসাদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে প্যালেস ডে লা নেশনের সামনে গিয়ে শেষ হয়।
ফ্রান্সের র‌্যালির সঙ্গে একাত্মতা জানিয়ে সমাবেশ হয়েছে জার্মানির বার্লিন, স্পেনের মাদ্রিদ, যুক্তরাজ্যের লন্ডন, অ্যামেরিকার ওয়াশিংটন ডিসি, ও কানাডার মন্ট্রিলে।
প্যারিসে গত বুধবার প্রথম ইসলামী চরমপন্থীরা ব্যঙ্গ সাময়িকী শার্লি হেবডোর অফিসে হামলা চালায়। সেদিনের হামলায় নিহত হয় ১২ জন। পরের দিন গুপ্ত হামলায় নিহত হন এক নারী পুলিশ। সর্বশেষ হামলাটি চালানো হয় গত শুক্রবার প্যারিসের এক ইহুদী সুপারমার্কেটে। সেখানে একজন ইসলামী চরমপন্থী কয়েকজনকে জিম্মি করে।