টাকা উড়িয়ে বিজয় উদযাপন এএপি নেতার

আপডেট : ১২ জানুয়ারি ২০১৫, ১৮:০২
টাকা উড়িয়ে দিল্লির স্থানীয় নির্বাচনে জয় উদযাপন করলেন আম আদমি পার্টির এক নেতা। নির্বাচনে বিজয় উদযাপন করতে টাকা উড়ানোর ঘটনায় ভারতজুড়ে সমালোচনার ঝড় শুরু হয়েছে।
অরবিন্দ কেজরিওয়ালের দলের স্থানীয় একজন নেতা নন্দ কিশোর বেনিওয়াল দিল্লি ক্যান্টনমেন্ট এলাকার স্থানীয় নির্বাচনে জেতার পর এমন আচরণ পুরো দলকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে দিয়েছে। প্রতিক্রিয়ায় আম আদমি পার্টির পক্ষ থেকে ঐ নেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়ার আশ্বাস দেয়া হয়েছে।
দিল্লি ক্যান্টনমেন্ট পৌরসভা নির্বাচনে আটটি আসনের মধ্যে পাঁচটিই নিজেদের ঝুলিতে ঢুকিয়েছে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি। এছাড়া কংগ্রেস দুইটি ও আম আদমি পার্টি একটি আসন পেয়েছে। নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পরই শুরু হয় নন্দ কিশোর বেনিওয়ালের এমন বেপরোয়া উল্লাস। সূত্র: এনডিটিভি