বাংলাদেশে বিস্ফোরণ ঘটানোর জন্য পশ্চিমবঙ্গের বর্ধমানে ১০ কোটি টাকা পাঠিয়েছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। বর্ধমান-বিস্ফোরণ কাণ্ডের অন্যতম অভিযুক্ত কওসর ওরফে বোমারু মিজানের মাধ্যমে পাঠানো হয় এই টাকা। বর্ধমানে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার হওয়া জঙ্গি রেজাউল করিমকে জেরা করে এই তথ্য জানতে পেরেছে ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)।
রেজাউলকে জেরা করে তারা জানতে পেরেছেন, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে বোমা, গ্রেনেড ও অস্ত্র তৈরির জন্য ১০ কোটি টাকা পাঠিয়েছে জামায়াত। আরো ১০ কোটি টাকা পাঠানোর চেষ্টা চলছে। এই টাকাও আসবে বোমারু মিজানের মাধ্যমে। কোন পথে সেই টাকা আসবে তা জানতে রেজাউল করিমকে জেরা চলছে।
রেজাউলকে ঝাড়খন্ড থেকে আটক করা হয়েছে। মঙ্গলবার তাকে কলকাতায় আনা হবে। তারপর জামায়াতের টাকা পশ্চিমবঙ্গে কিভাবে এসেছে? কোথায় কোথায় পাঠানো হয়েছে? সে বিষয়ে বিস্তারিত জেরা করা হবে।
এনআইএ সূত্রে খবর, ছবি দেখে রেজাউল চিহ্নিত করেছে কওসরকে। কওসরের নামই বোমারু মিজান। সেই জেএমবির অন্যতম মাথা। রেজাউলের মোবাইলের কললিস্ট পরীক্ষা করে এনআইএ খাগড়াগড়ের অন্যতম চাঁই কওসরের খোঁজ করছে।
