নাশকতার অভিযোগে সোমবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদুসহ তিনজনের প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
অন্যরা হলেন, ১৪নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম লিটন ও শিবির সদস্য মোহাম্মদ মিজান।
রবিবার রাত সাড়ে ৮ টার সময় মিরপুর ১০ নম্বর ঝুটপট্টির রাব্বানী হোটেলে দলীয় নেতাকর্মীদের সাথে গোপন বৈঠক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মো. মনিরুজ্জামান গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড চান।
রিমান্ড আবেদন বলা হয়, গত ১১ জানুয়ারি বিএনপির ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে বেলা চারটা ১৫ মিনিটে শামসুজ্জামান দুদুসহ অন্যান্যরা রোকেয়া সরণির খান ইলেক্ট্রনিক্সের সামনের রাস্তায় জাবালে নুর পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় আর কারা জড়িত সে সম্পর্কে তথ্য জানতে আসামিদের রিমান্ডে নেওয়া প্রয়োজন।
আদালতে এসময় আসামিদের রিমান্ড বাতিল করে জামিন চান তাদের আইনজীবীরা। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম আমিনুল ইসলাম আসামিদের জামিন নাকচ করে এ রিমান্ড মঞ্জুর করেন।
