বিএনপির শাহজাহানসহ তিন নেতা গ্রেফতার

আপডেট : ১২ জানুয়ারি ২০১৫, ১৯:৫৮
 
 
সাবেক সংসদ সদস্য ও নোয়াখালী জেলা বিএনপির সভাপতি মো. শাহজাহানসহ বিএনপির তিন নেতাকে গ্রেফতার করেছে র্যাব। অপর দু’জন হলেন— বিএনপির নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদ ও লালবাগ ওয়ার্ড বিএনপির উপদেষ্টা মাইন উদ্দিন।
 
সোমবার গুলশান ও আজিমপুরে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে নাশকতায় ইন্ধন দেয়ার অভিযোগ আনা হয়েছে।
 
র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মাহমুদ খান জানান, গুলশান-১ নম্বর সেকশন থেকে সোমবার ভোর ৫ টার দিকে বিএনপি নেতা শাহজাহান ও বেলাল আহমেদকে গ্রেফতার করা হয়। পরে তাদের গুলশান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গুলশান থানার ওসি রফিকুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে যানবাহনে ভাংচুর-অগ্নিসংযোগে ইন্ধনের অভিযোগ রয়েছে। এ সংক্রান্ত পুরাতন মামলায় তাদের গ্রেফতার দেখানো হবে। পরে দুই বিএনপি নেতাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেয়া হয় বলে জানায় পুলিশ।

এদিকে, গতকাল বিকালে আজিমপুর থেকে লালবাগ ওয়ার্ড বিএনপি’র উপদেষ্টা মাইন উদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব-১০। র্যাব সূত্র জানায়, তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে অন্তত পাঁচটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল বলেও জানায় র্যাব। গ্রেফতারকৃতদের আজ মঙ্গলবার আদালতে হাজির করার কথা রয়েছে।