বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) প্রধান প্রকৌশলী আব্দুর রহিম ও ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী ফরিদ আহম্মেদের দুর্নীতি অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি কমিশন তাদের বিরুদ্ধে জমাপড়া অবৈধ সম্পদসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখে এ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যে কমিশন থেকে বিআইডব্লিউটিসির প্রধান প্রকৌশলীর দুর্নীতি অনুসন্ধানে দুদকের সহকারী পরিচালক আমিরুল ইসলামকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। অন্যদিকে ঢাকা ওয়াসার নারায়ণগঞ্জ মডস জোনের নির্বাহী প্রকৌশলী ফরিদ আহম্মেদের দুর্নীতি অনুসন্ধানে ঢাকা বিভাগীয় কার্যালয়কে কর্মকর্তা নিয়োগ দিতে নির্দেশ দেয়া হয়েছে।
বিআইডব্লিউটিসির প্রধান প্রকৌশলী আব্দুর রহিমের বিষয়ে দুদক সূত্রে জানা যায়, পরিদর্শন না করেই নদীপথে চলাচলকারী নৌযানকে ফিটনেস সার্টিফিকেট প্রদান, অবৈধভাবে নিয়োগ প্রদানসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়া জ্ঞাত আয় বহির্ভূত প্রায় ২০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগও রয়েছে।
অপরদিকে ফরিদ আহম্মেদের অভিযোগের বিষয়ে জানা যায়, ঢাকা ওয়াসার নারায়ণগঞ্জ মডস জোনের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে। বিভিন্ন দুর্নীতি ও সেবা গ্রহীতাদের অহেতুক হয়রানি করে তিনি অর্থ আদায় করেন। এ সব অনিয়মের মাধ্যমে তিনি কোটি কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে।
