সীমান্ত বিল পাস হলেই ঢাকায় আসবেন মোদী

আপডেট : ১২ জানুয়ারি ২০১৫, ২১:২২
 
 
ফেব্রুয়ারিতে ভারতের লোকসভায় স্থল সীমান্ত বিল পাস হলেই মার্চে ঢাকায় আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণ পেয়ে এনিয়ে চিন্তা ভাবনাও শুরু করে দিয়েছে তাঁর দফতর।
 
২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। ভাবনায় রয়েছে সেই সময় ঢাকায় যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্সবের আনন্দের সময় দু-দেশের মধ্যে দীর্ঘদিনের ঝুলে থাকা চুক্তিটিও সেরে ফেলার পরিকল্পনা হচ্ছে।
 
দিল্লির সাউথ ব্লক সূত্রে খবর, ভারতে ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশে যেতে আগ্রহী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তিস্তা বা ছিটমহলের মতো সমস্যার সমাধান না হলে তিনি আসেন কী করে? তাই ইচ্ছে থাকলেও ভারতের প্রধানমন্ত্রী কবে বাংলাদেশে আসবেন সে বিষয়ে স্পষ্ট করে এতদিন কিছু ঠিক হয়নি। সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্থল সীমান্ত চুক্তি ও ছিটমহল বিনিময়ের বিষয়ে সম্মতি দিয়েছেন। তারপর ছিটমহল বিনিময় হলে ভারতের অংশের বাসিন্দাদের কী পুনর্বাসন প্যাকেজ দেয়া হবে তা নিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে আলোচনাও শুরু হয়ে গেছে।
 
সম্প্রতি বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ কলকাতায় এসে মুখ্যমন্ত্রীকে নৈশভোজের অনুষ্ঠানে তাঁকে ঢাকা যাওয়ার আমন্ত্রণ জানিয়ে দিয়ে যান। এর কয়েকদিন পরই শেখ হাসিনার আমন্ত্রণপত্র আসে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁর ঢাকা যাওয়ার বিষয়ে সবুজ সঙ্কেত দেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ঢাকায় আসার সম্মতি দেয়ায় তারা দ্রুত স্থল-সীমান্ত চুক্তি সম্পাদনের বিষয়ে আশাবাদী হয়েছে ভারত সরকার।
 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী দেশ ভারতের কাছে কিছু বিষয়ে আশা করে রয়েছে বাংলাদেশ। ফেব্রুয়ারি মাসে সংসদের শীতকালীন অধিবেশনে স্থল-সীমান্ত সংশোধনী বিলটি অনুমোদিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পরপরই প্রধানমন্ত্রীর মার্চে ঢাকা যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। তার আগে প্রস্তুতি শুরু করা হয়েছে।