১৯ ট্রাক-বাসে আগুন গাইবান্ধায় নিহত ১

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৫, ০০:১১

বিএনপি জোটের ডাকা অবরোধে গত রবিবার রাত থেকে গতকাল সোমবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে কমপক্ষে ১৯ ট্রাক ও বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া অনেক যানবাহনে ভাঙচুর চালানো হয়েছে। এদিকে গাইবান্ধায় দুর্বৃত্তরা বাসে আগুন দিলে লাফিয়ে পড়ার পর এক যাত্রী ট্রাক চাপায় নিহত হয়েছেন। অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

গাইবান্ধা: রবিবার রাতে রংপুর থেকে ঢাকাগামী এনা পরিবহনের বাসটি গোবিন্দগঞ্জের কালিতলা ব্রিজ এলাকায় পৌঁছলে অবরোধকারীরা বাসটিতে পেট্রোল বোমা ছুঁড়ে মারে। আগুন থেকে বাঁচতে বাস থেকে লাফ দেন রংপুরের একটি ওয়ার্কশপের গ্রিল শ্রমিক পারভেজ (২৫)। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। নিহত পারভেজ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে। আগুনে দগ্ধ রংপুরের বদরগঞ্জ উপজেলার কালুপাড়ার সৈয়দ আলীর ছেলে আসাদুলকে আশংকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে দগ্ধ হয়ে ও বাস থেকে ঝাঁপিয়ে পড়ে আরো জন ১৫আহত হয়েছে। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাইবান্ধা-৪ আসনের এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় গতকাল গোবিন্দগঞ্জ থানার এসআই মাহফুজ বাদী হয়ে উপজেলা জামায়াত-বিএনপির ৪০ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১৫/২০ জনকে আসামি করে মামলা করেছেন।
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সবরিতলা এলাকায় গতকাল সন্ধ্যায় একটি ট্রাক ভাংচুর ও একটি ট্রাকে অগ্নিসংযোগ করেছে অবরোধকারীরা।
হবিগঞ্জ:জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাহবুব-উল ইসলামের সরকারি বাসভবনে রবিবার মধ্যরাতে দুর্বৃত্তরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
চাঁপাইনবাবগঞ্জ : চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের তৃতীয়তলার সিঁড়ির পাশ থেকে গতকাল দুপুরে ককটেল সদৃশ ৪টি বস্তু উদ্ধার করেছে পুলিশ।
ভ্রাম্যমাণ প্রতিনিধি: রবিবার গভীর রাতে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের মদনডাঙ্গা এলাকায় ট্রাক ভাঙচুর করে তাতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এদিকে শৈলকুপা উপজেলার কবিরপুরে ঢাকাগামী বাসে দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুঁড়ে মারলে তাতে আগুন ধরে যায়।
কুমিল্লা: গতকাল সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঝাগুরঝুলী এলাকায় কাভার্ডভ্যান পুড়িয়ে দিয়েছে অবরোধকারীরা। ভোররাতে নগরীর শাসনগাছা বাস স্টেশনে ২টি বাস ও সদর উপজেলার দুর্গাপুরে রবিবার রাতে গাড়ির গ্যারেজে একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দেয়া হয়। এদিকে দেবিদ্বারে সংঘর্ষের ঘটনায় বিএনপি ও ছাত্রদলের ৩৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে মোট ৬৫ জনের বিরুদ্ধে দেবিদ্বার থানায় মামলা হয়েছে। অন্যদিকে গতকাল বিএনপি-জামায়াতের ১৬ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
লাকসাম (কুমিল্লা) : রবিবার রাতে লাকসাম-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে চালক এবং হেলপারকে মারধর করে ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর আগে ওই সড়কে ৪-৫টি যানবাহন ভাঙচুর করা হয়।
সোনারগাঁও (নারায়ণগঞ্জ): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বোরাক পরিবহনের একটি বাসে রবিবার রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
গাজীপুর : জয়দেবপুর রেল ক্রসিং এলাকায় সিমেন্টবাহী ট্রাকে এবং দুপুরে চান্দনা নলজানি এলাকায় একটি সিএনজি অটোরিকশায় আগুন দিয়েছে পিকেটাররা। গুরুতর আহত হন চালক আসাদ (২৭)। রবিবার রাতে মহানগরের ধীরাশ্রম এলাকায় ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এদিকে, শ্রীপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি জাহাঙ্গীর কবির গতকাল গ্রেফতার হয়েছেন।
টঙ্গী (গাজীপুর) : সকালে টঙ্গী চেরাগআলী মার্কেট এলাকায় ছাত্রদল ও শিবির ঝটিকা মিছিল থেকে একটি প্রাইভেট কারে আগুন ধরিয়ে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে তারা সড়কে চলাচলরত ১২-১৪টি বিভিন্ন ধরনের যানবাহনে ভাংচুর চালায়। এদিকে পুলিশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আরিফ হোসেন হাওলাদারকে গ্রেফতার করেছে।
বগুড়া: সদর উপজেলার গোকুল এলাকায় রবিবার রাতে ইজতেমা ফেরত যাত্রীদের বাসসহ পণ্যবাহী ট্রাক চলাচলকালে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বহনকারী গাড়িতে অবরোধকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ৬ পুলিশ সদস্য আহত হয়। এর আগে শাজাহানপুর উপজেলার ফুলদীঘি এলাকায় মালবাহী ট্রাক পারাপারের সময় দুর্বৃত্তরা শাজাহানপুর থানার টহল গাড়ি লক্ষ্য করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। দুর্বৃত্তদের নিক্ষিপ্ত ককটেলের আঘাতে গাড়ির ভিতরে থাকা পুলিশের সোর্স মাহফুজুর রহমান (৪০) আহত হয়। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এসব ঘটনায় পুলিশ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মেহেদি হাসান হিমুসহ বিএনপি-জামায়াতের ২০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
বরিশাল অফিস : ভোরে নগরীর বৌদ্ধপাড়া এলাকায় সড়ক অবরোধ করে মিছিল বের করে শিবির। এসময় তারা তিনটি ব্যাটারিচালিত অটোরিকশা ভাঙচুর করে। সকালে হাসপাতাল রোড এলাকায় একটি অটোরিকশায় আগুন দেয় পিকেটাররা। এতে দুই যাত্রী আহত হয়।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): সাওঘাট ও তারাব এলাকায় যাত্রাবাহী যানবাহনে ঝটিকা হামলা চালায় অবরোধকারীরা। এসময় সড়কের পাশে থাকা একটি লেগুনা গাড়িতে অগ্নিসংযোগসহ ৬-৭টি গাড়ি ভাংচুর করা হয়।
সিলেট অফিস: রবিবার রাতে উত্তর সুরমা বাস টার্মিনালের কাছে দুর্বৃত্তরা সিমেন্টবাহী ট্রাকে আগুন দেয় এবং বেশ ক’টি অটোরিকশা ভাঙচুর করে। গতকাল বিকালে সিলেট-ঢাকা সড়কের দক্ষিণ সুরমার লাউয়াই এলাকায় ট্রাক ভাঙচুর করে আগুন দেয় দুর্বৃত্তরা। এদিকে গতকাল বিএনপি নেতা বদরুজ্জামান সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ।
যশোর অফিস: বেনাপোল থেকে ছেড়ে আসা যশোরমুখী পেঁয়াজবাহী একটি ট্রাকে হাতবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার মধ্যরাতে যশোর-বেনাপোল মহাসড়কের যশোর সদর উপজেলার মালঞ্চি ধোপাখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
নোয়াখালী : জেলা শহর মাইজদীর মফিজ প্লাজার সামনে পিকেটাররা একটি ইজিবাইক পুড়িয়ে দেয় ও বিভিন্ন স্থানে কয়েটি সিএনজি চালিত অটোরিকশা, যাত্রীবাহী বাস, ট্রাক এবং মোটর সাইকেল ভাংচুর করে। বিভিন্ন স্থান থেকে ১০ বিএনপি কর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সুপার মো. ইলিয়াস শরীফ। সেনবাগে রবিবার ও গতকাল ১২টি সিএনজি অটোরিকশা ভাঙচুর করা হয়।
নরসিংদী: ঢাকা-সিলেট মহাসড়কে ঝটিকা মিছিল ও অগ্নিসংযোগ করেছে পিকেটাররা। এসময় তারা টায়ার ও পেট্রোল দিয়ে মহাসড়কে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুর করে। সকাল সাড়ে ৯টার দিকে আমিরগঞ্জ-খানাবাড়ি রেল স্টেশনের মাঝে হাসনাবাদ বাজারের পূর্ব পাশে একটি রেল ব্রিজে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে পিকেটাররা।
ইত্তেফাক রিপোর্ট: সকালে আশুলিয়া থানা মহিলা দল বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এসময় মহিলা দলের পাঁচ নেতাকর্মীসহ ১০ জনকে গ্রেফতার করে পুলিশ। সকালে সাভার বাসস্ট্যান্ড এলাকায় বেশ কয়েকটি যাত্রীবাহী বাস ভাঙচুর করে  নেতাকর্মীরা।
সীতাকুন্ড (চট্টগ্রাম): রবিবার রাতে ফকিরহাট এলাকায় অবরোধকারীরা যাত্রীদের নামিয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বাসে আগুন ধরিয়ে দেয়। এছাড়া গতকাল ৬টি ট্রাক ও দুটি বাস ভাঙচুর করা হয়।

নারায়ণগঞ্জ: গত রাতে নারায়ণগঞ্জ শহরে উত্সব পরিবহনের যাত্রীবাহী দুটি বাস ও একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পালিয়ে যায়।