পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সুন্দরবনের দস্যু বাহিনী প্রধান নিহত

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৫, ০০:২৮

পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সুন্দরবনের বনদস্যু রাঙা বাহিনী প্রধান আমীর হোসেন ওরফে রাঙ্গা (৪০) নিহত হয়েছে। গতকাল সোমবার পাইকগাছা উপজেলার কুমখালী নামক স্থানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ ২টি বন্দুক, ১টি বিদেশি পিস্তল, ১২ রাউন্ড বন্দুকের গুলি, ৭ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি এবং ২ রাউন্ড পিস্তলের গুলি, ১টি ছোরা, ১টি দা ও ১টি কাচি উদ্ধার করেছে। নিহত রাঙ্গার বাড়ি খুলনার রূপসা উপজেলার আলাইপুর গ্রামে। রাঙ্গার বিরুদ্ধে পাইকগাছা, দাকোপ, মংলা, রূপসাসহ বিভিন্ন থানায় অস্ত্র, অপহরণ, ডাকাতিসহ অর্ধডজনের বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পাইকগাছা থানার ওসি শিকদার আক্কাস আলী জানান, বনদস্যু রাঙ্গাকে গত রবিবার তার শ্বশুরবাড়ী পাইকগাছা উপজেলার হরিঢালী গ্রাম থেকে গ্রেফতার করা হয়। রাঙ্গার দেয়া তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার তাকে নিয়ে অস্ত্র ও গুলি উদ্ধারের জন্য সুন্দরবনে অভিযানে যায় পুলিশ।

সুন্দরবনের কুমখালী নামক স্থানে পৌঁছলে রাঙ্গার সহযোগীরা তাকে ছিনিয়ে নেয়ার জন্য পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও এসময় পাল্টা গুলি চালায়। দু’ পক্ষের গুলি বিনিময় চলাকালে রাঙ্গা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুলিতে আহত হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ রাঙ্গাকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য রাঙ্গার লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় পাইকগাছা থানায় মামলা হয়েছে।