অবরোধে আহতদের চিকিত্সা ব্যয় সরকার বহন করবে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৫, ০০:৩৬

বিএনপি-জামায়াত জোটের ডাকা অবরোধ সংহিসতায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন আহতদের চিকিত্সার ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন পুলিশ সদস্যসহ আহতদের দেখতে গিয়ে তিনি এ কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বার্ন ইউনিটে চিকিত্সাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিত্সার খোঁজ-খবর নেন।

পরে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া নিজ কার্যালয়ে স্বেচ্ছায় অবরুদ্ধ থেকে আরাম আয়েশ করছেন। আর বাইরে সন্ত্রসীদের লেলিয়ে দিয়ে নিরীহ মানুষকে পুড়িয়ে মারছেন। মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়ার ডাকা অবরোধ প্রত্যাখ্যান করে মানুষ যার যার কাজে নেমে পড়ায় তিনি এখন গণমানুষের বিরুদ্ধে নেমেছেন। তবে এই অপকর্ম চালিয়ে কোনদিন তারা দাবি পূরণ করতে পারবেন না।

এ সময় অন্যদের মধ্যে সাবেক এমপি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক, বিএমএ মহাসচিব অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, ঢাকা মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. দিলীপ কুমার রায়, ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান, বার্ন ইউনিটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন প্রমুখ উপস্থিত ছিলেন।