বাংলাদেশে বিস্ফোরণ ঘটানোর জন্য পশ্চিমবঙ্গের বর্ধমানে ১০ কোটি টাকা পাঠিয়েছিল জামায়াত ই ইসলামী। এই টাকা এসেছে বোমারু মিজানের হাত ধরে। বর্ধমান-বিস্ফোরণ কাণ্ডে অন্যতম অভিযুক্ত কওসরের নামই বোমারু মিজান। বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে এসে বোমারু মিজান নতুন নাম নেন। বর্ধমান-কাণ্ডে ধৃত জঙ্গি রেজাউল করিমকে জেরা করে এই তথ্য জানতে পেরেছে ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)।
জেরা করে তারা জানতে পেরেছেন জামায়াত ইতোমধ্যেই ১০ কোটি টাকা পশ্চিমবঙ্গে বোমা, গ্রেনেড, অস্ত্র তৈরির জন্য পাঠিয়েছে। আরো ১০ কোটি টাকা পাঠানোর চেষ্টা চলছে। এই টাকা আসবে বোমারু মিজানের মাধ্যমে। কোন পথে সেই টাকা আসবে তা জানতে রেজাউল করিমকে জেরা চলছে।
রেজাউল ঝাড়খণ্ডে ধরা পরেছে। মঙ্গলবার তাকে কলকাতায় আনা হবে। তারপর জামায়াতের টাকা পশ্চিমবঙ্গে কিভাবে এসেছে, কোথায় কোথায় পাঠানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জেরা করা হবে।
এনআইএ সূত্রে খবর, ছবি দেখে রেজাউল চিহ্নিত করেছে কওসরকে। সে জেএমবি-র গুরুত্বপূর্ণ নেতা। রেজাউলের মোবাইলের কললিস্ট পরীক্ষা করে এনআইএ খাগড়াগড়ের অন্যতম চাঁই কওসরের খোঁজ করছে।
