অতিরিক্ত ১ হাজার ডলার নিতে পারবেন হজ্বযাত্রী

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৫, ০১:২৮

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এবারে (১৪৩৬ হিজরী সন) হজ্ব পালনের সার্বিক ব্যয়ের প্যাকেজ ঘোষণা করেছে সরকার। ধর্ম মন্ত্রণালয় নির্ধারিত সব ধরনের খরচের অতিরিক্ত এবার একজন হজ্বযাত্রী এক হাজার ডলার সঙ্গে নিতে পারবেন, আগের বছর যা ৫শ’ ডলার ছিলো। গতকাল সোমবার এ সংক্রান্ত দু’টি প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোতে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি ব্যবস্থাপনায় হজ্বে যেতে আগ্রহীদের আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে এক লাখ ৫১ হাজার ৬৯০ টাকা ও বেসরকারি ব্যবস্থাপনায় যেতে আগ্রহীদের এক লাখ ৪৮ হাজার ৩৩১ টাকা ব্যাংকে জমা দিয়ে নিবন্ধন করতে হবে। আর উভয় ব্যবস্থাপনায় যেতে আগ্রহীদের প্যাকেজ অনুযায়ী বাকি টাকা ১০ জুনের মধ্যে জমা দিতে হবে। এতে সরকার নির্ধারিত প্যাকেজ-১-এর আওতায় যাত্রীপ্রতি তিন লাখ ৫৪ হাজার ৭৪৫ টাকা মোট খরচ নির্ধারণ করা হয়েছে। আর প্যাকেজ-২-এর আওতায় ২ লাখ ৯৬ হাজার ২০৬ টাকা জমা নির্ধারণ করা হয়েছে। ব্যাংকগুলো প্রতি ডলার ৭৭ টাকা ১০ পয়সা এবং প্রতি সৌদি রিয়াল ২১ টাকা ধরে এই পরিমাণ টাকা জমা নিবে। সরকারি ব্যবস্থাপনায় যাওয়া যাত্রীদের কোরবানি খরচ বাবদ ৫শ’ সৌদি রিয়াল সমপরিমাণ ১০ হাজার ৫শ’ টাকা সঙ্গে নিতে বলা হয়েছে।
বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়া যাত্রীর মোয়াল্লেম ফি, বিমান ভাড়া, প্রশিক্ষণ ফি, স্থানীয় সার্ভিস চার্জসহ নিবন্ধন ফি বাবদ এক লাখ ৪৮ হাজার ৩৩১ টাকা জমা দিতে হবে। এছাড়া মিনা-আরাফাতে মোয়াল্লেমের অতিরিক্ত সার্ভিস চার্জ, মক্কা ও মদিনায় বাড়িভাড়া, হজ্বযাত্রীর কোরবানি খরচ, হজ্ব গাইড বাবদ খরচ ও খাওয়া খরচ হজ্ব এজেন্সির প্যাকেজ অনুযায়ী নির্ধারিত হবে।

রিটার্ন এয়ার টিকেটের বিষয়টি নিশ্চিত হয়ে এবং আন্তর্জাতিক পাসপোর্টে স্বাক্ষরের অনুরূপ স্বাক্ষর ও আন্তর্জাতিক পাসপোর্ট এনডোর্সমেন্ট পূর্বক ব্যাংকগুলোকে বৈদেশিক মুদ্রা ইস্যু করতে বলা হয়েছে। খাতভিত্তিক সরকার নির্ধারিত হারে সব খরচ জমা নিতে ব্যাংকগুলোকে বলা হয়েছে।