ভারতের এক সরকারি কর্মচারীকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। তার অপরাধ তিনি গত ২৫ বছর ধরেই কর্মস্থলে অনুপস্থিত! তাকে তার প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বললেও তিনি তা দেখাতে ব্যর্থ হয়েছেন।
ভারতের নগর উন্নয়নমন্ত্রী ভেনকাইয়া নাইডু গত বৃহস্পতিবার কর্মচারী এ.কে ভার্মাকে তার পদ থেকে অপসারণ করার নির্দেশ দেন। তিনি দিল্লির গণপূর্ত বিভাগের একজন নির্বাহী প্রকৌশলী। তদন্তে জানা যায়, তিনি ১৯৯০ সালের ডিসেম্বরে ছুটিতে যান এবং এরপর আর কর্মস্থলে আসেননি। ভার্মা তদন্তের সময় তার অনুমতিবিহীন ছুটির মেয়াদ আরো বাড়ানোর আবেদন করেছিলেন! ১৯৯২ সাল পর্যন্ত তিনি অনুমতি নিয়ে ছুটিতে ছিলেন। এরপর তার ছুটি ছিল অবৈধ। তার বিরুদ্ধে আরো অভিযোগ ছিল তিনি তদন্তে প্রয়োজনীয় সহযোগিতাও করেননি। ২০০৫ সালে তার বিরুদ্ধে অভিযোগ সম্পন্ন হয়। কিন্তু তা যথাযথ কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করা হয় ২০০৭ সালের জুলাই মাসে। ওই বছরই নগর উন্নয়ন মন্ত্রণালয়ে এই অভিযোগপত্র জমা দেয়া হলেও অদৃশ্য কারণে আর কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এরপর বর্তমান মন্ত্রী দায়িত্ব গ্রহণ করলে বিষয়টি আবার আলোচনায় আসে এবং তাকে শেষ পর্যন্ত বহিষ্কার করা হয়।- ইউপিআই
