ফ্রান্সে আবারো মহানবীর ব্যঙ্গচিত্র

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৫, ১২:৩৮
 
ফ্রান্সের ব্যঙ্গাত্মক সাপ্তাহিক শার্লি এবদো মহানবী হযরত মুহাম্মদ (সা)-কে নিয়ে আবারো ব্যঙ্গচিত্র প্রকাশ করতে যাচ্ছে। মঙ্গলবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। 
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শার্লি এবদোর পরবর্তী সংখ্যার প্রচ্ছদে ব্যঙ্গচিত্রটি প্রকাশ করা হবে। সেখানে মহানবী (স)-কে ‘জে সুই শার্লি’ (আমিই শার্লি)।
গত সপ্তাহে প্যারিসের শার্লি এবদোর অফিসে ইসলামি চরমপন্থীদের হামলায় ১২জন নিহত হওয়ার পর এই ব্যঙ্গচিত্র ছাপা হচ্ছে। নিহতদের মধ্যে ম্যাগাজিনটির সম্পাদকসহ পাঁচজন কার্টুনিস্ট ছিলেন।
ম্যাগাজিনের অফিসে হামলা চালানোর পর ‘জে সুই শার্লি’  স্লোগানটি ব্যাপক বিস্তার লাভ করে। এর মাধ্যমে মানুষ শার্লির প্রতি তাদের সমর্থন জানায়। 
সাধারণত শার্লি এবদোর সংখ্যা সপ্তাহে ৬০ হাজার বিক্রি হয়ে থাকে। কিন্তু বুধবারের প্রকাশিতব্য ঐ সংখ্যাটির ৩০ লাখ কপি ছাপানো হবে। 
গত সপ্তাহের হামলার পর ফ্রান্সজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০ হাজার সদস্য মোতায়েন করার ঘোষণা দেয়া হয়েছে। এছাড়া রবিবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংহতি জানিয়ে গত রবিবার দেশজুড়ে প্রায় ৪০ লাখ মানুষ শোভাযাত্রা করে। এর আগে ২০১১ সালে ব্যঙ্গচিত্র ছাপানোর পর ঐ সাময়িকীর অফিসে পেট্রোল বোমা ছুড়েছিল দুর্বৃত্তরা।