প্যারিসে অনুষ্ঠিত সংহতি সমাবেশে যোগ না দিয়ে যুক্তরাষ্ট্র ভুল করেছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। খবর বিবিসির।
সমাবেশে যোগ না দেয়ায় প্রেসিডেন্ট ওবামা ও পররাষ্টমন্ত্রী জন কেরির কঠোর সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যম। পরপর তিনটি হামলার পর ফ্রান্সে সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ১৬ লাখ মানুষ এবং বিশ্বের ৪০ জন রাষ্ট্রপ্রধান অংশ নেন।
স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের মুখপাত্র জশ আরনেস্ট বলেন, ওবামা সমাবেশে যোগ দিতে চেয়েছিলেন। তার নিরাপত্তা প্রস্তুতির জন্য ৩৬ ঘণ্টার বেশি সময় প্রয়োজন। কিন্তু ৩৬ ঘণ্টা আগে সমাবেশের কথা জানানো হয়। তবে তিনি বলেন যুক্তরাষ্ট্রের শীর্ষ কোনো কর্মকর্তাকে সমাবেশে পাঠানো উচিত ছিল। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার একটি সন্মেলনে ফ্রান্সেই অবস্থান করছিলেন কিন্তু তিনি সমাবেশে যোগ দিতে পারেননি। পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ভারত সফরে যাওয়ায় ওই সমাবেশে যোগ দিতে পারেননি।
