মহানবী (সঃ) এর ব্যাঙ্গচিত্র প্রকাশ করছে শার্লি এবদো

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৫, ১৮:৩১
 
 
প্যারিসের ব্যাঙ্গাত্মক ম্যাগাজিন শার্লি এবদো পরবর্তী সংখ্যার প্রচ্ছদে মহানবী হযরত মোহাম্মদ (সঃ) এর ব্যাঙ্গ চিত্র ছাপানোর ঘোষণা দিয়েছে। গত সপ্তাহেই পত্রিকাটির অফিসে দুইজন বন্দুকধারীর হামলায় সম্পাদকসহ ১২ জন নিহত হয়েছেন।
 
শার্লি এবদোর সাংবাদিকদের নিয়ে 'লিবারেশন' নামের আরেকটি ফরাসি পত্রিকা ব্যাঙ্গাত্মক ম্যাগাজিনটির পরবর্তী সংখ্যা প্রকাশ করবে। হামলা পরবর্তী সংখ্যার জন্য ইতিমধ্যেই ৩০ লাখ কপির চাহিদা জমা পড়েছে যা হামলার আগে পত্রিকাটির প্রচার সংখ্যার চেয়ে প্রায় ৫০ গুণ।
 
অনলাইনে সোমবার রাতে শার্লি এবদোর পরবর্তী সংখ্যার প্রচ্ছদ প্রকাশ করেছে 'লিবারেশন'। সেখানে দেখা যাচ্ছে সাদা পাগড়ী পড়া একজন লোক একটি প্ল্যাকার্ড তুলে ধরে রেখেছেন, যেখানে লেখা রয়েছে 'জে সুইস শার্লি' যার বাংলা 'আমিই শার্লি'।
 
উল্লেখ্য, এর আগে শার্লি এবদোতে প্রকাশিত ব্যাঙ্গাত্মক কার্টুনের জের ধরে গত সপ্তাহে পত্রিকাটির অফিসে হামলার ঘটনা ঘটে। খবর আলজাজিরার।