অবশেষে পদত্যাগ করলেন যাদবপুর ভিসি

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৫, ১৯:০১
 
 
ছাত্রীর শ্লীলতাহানির ঘটনার জেরে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশ লেলিয়ে দেয়ার পর চার মাসের আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অভিজিৎ চক্রবর্তী।
সোমবার সন্ধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে অনশনরত ছাত্রদের দেখতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এর পরই অনশনস্থলে উপাচার্যের পদত্যাগের কথা জানান মুখ্যমন্ত্রী।
মমতা বলেন, 'উপাচার্যকে পদত্যাগ করতে বলা হয়েছে। তিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।'
এর আগে রাজ্যের শিক্ষামন্ত্রী অনশনরতদের দেখতে ক্যাম্পাসে আসেন।
মুখ্যমন্ত্রী সন্ধ্যায় হঠাৎ করেই বিশ্ববিদ্যালয়ের অনশনস্থলে উপস্থিত হয়ে মাইক্রোফোন হাতে তুলে নেন। অনেকক্ষণ ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলার পর আচমকা উপাচার্যের পদত্যাগের খবর দেন।
মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে ছাত্রছাত্রীরা তাদের অনশন কর্মসূচি প্রত্যাহার করে নেয়।
গত বছরের ১৬ সেপ্টেম্বর এক ছাত্রীর শ্লীলতাহানির ঘটনা তদন্তের দাবিতে উপাচার্যকে ঘেরাও করে বিক্ষোভ করছিল ছাত্রছাত্রীরা। তাদের দাবি উপেক্ষা করে ওই রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ ডাকেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের উপর পুলিশ তাণ্ডব চালায়।
এর পরই উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এক পর্যায়ে ছাত্রছাত্রীরা আমরণ অনশনের সিদ্ধান্ত নেন। অনশনরত শিক্ষার্থীদের অবস্থার অবনতি হতে থাকলে সোমবার তাদের বাবা-মাও ১২ ঘণ্টার প্রতীকী অনশনে যোগ দেন।