৪৩ লাখ ২৬ হাজার ৭১৫ মার্কিন ডলার পাচারের দায়ে মেসার্স ফাইজ উদ্দিন অ্যান্ড কোম্পানির মালিক রফিক উদ্দিন ওরফে মোহাম্মদ রাফির বিরুদ্ধে দুটি মামলার চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার কমিশনের নিয়মিত বৈঠকে এ চার্জশিট দুটি অঅদালতে দাখিলের অনুমোদন দেয়া হয়। শিগগিরই মামলার বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য চার্জশিট দুটি আদালতে দাখিল করা হবে বলে কমিশন সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ ফেব্রুয়ারি রাজধানীর চকবাজার মডেল থানায় এ দুটি মামলা (মামলা নম্বর ১০ ও ১১) দায়ের করা হয়। ১০ নম্বর মামলার চার্জশিটে ৪০ লাখ ২৬ হাজার ৭১৫ মার্কিন ডলার ও ১১ নম্বর মামলার চার্জশিটে দুই লাখ ৭৮ হাজার মার্কিন ডলার পাচারের অভিযোগ আনা হয়েছে। দুদকের উপপরিচালক ঋত্বিক সাহা মামলা দুটির তদন্ত করেছেন।
দুদক সূত্র জানায়, খাদ্যদ্রব্য আমদানির নামে এলসি খুলে আমদানি না করে অবৈধভাবে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ওই অর্থ পাচার করা হয়েছে। কমিশনের তদন্তে এ অভিযোগ প্রমাণিত হওয়ায় মানিল্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২)(৩) ধারায় এ চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে।
