আইসিএলের এমডি শফিকুরকে ফের জিজ্ঞাসাবাদ দুদকের

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৫, ১৯:৪৮
 
 
 
 
গ্রাহকদের হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে আইডিয়াল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (আইসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এইচ এন এম শফিকুর রহমানকে আবারও জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত দুদক কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপপরিচালক হামিদুল হাসান তাকে জিজ্ঞাসাবাদ করেন। এর আগে একাধিকবার আইসিএলের এমডিকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।
উল্লেখ্য, ২০১৩ সালের ২০ মার্চ আইসিএল গ্রুপের বিরুদ্ধে প্রতারণাপূর্বক ২৮৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধান পর্যায়ে এ অর্থ আত্মসাতের অভিযোগের পরিমাণ বেড়ে হাজার কোটি টাকায় দাঁড়ায়।
দুদক সূত্র জানায়, এ প্রতারণা অনুসন্ধানে দুদক তাদের কাছে ২০০১ থেকে ২০১২ অর্থবছরের মোট হিসাব চাইলেও তারা দুদকে তা দাখিল করেনি। তবে বিভিন্ন গ্রাহকের কাছে তাদের কী পরিমাণ দায় রয়েছে, তার হিসাব দুদকে জমা দিয়েছে। আইসিএলের দেয়া সম্পদের হিসাব অনুসারে ঢাকা ও কুমিল্লা অঞ্চলে ৯৪৫ কোটি টাকা গ্রুপটির দায় রয়েছে।
অভিযোগের ব্যাপারে দুদক সূত্র জানায়, দীর্ঘ এক যুগ ধরে আইসিএল গ্রুপ তাদের গ্রাহকদের সঙ্গে প্রারণা করে আসছে বলে অভিযোগ রয়েছে। তারা প্রতি মাসে লাখ প্রতি ২৪ থেকে ৩০ শতাংশ লাভের প্রলোভনে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করেছে। এ ছাড়া, ২০০১ থেকে ২০১২ অর্থবছর পর্যন্ত প্রতিষ্ঠানটির অডিট রিপোর্টে বেশ কিছু আপত্তি রয়েছে।
অভিযোগ অনুসন্ধানে ইতোমধ্যেই আইসিএলের এমডি এইচ এন এম শফিকুর রহমান, চেয়ারম্যান মো. রফিকুল আলম, পরিচালক (এমডির শ্যালক) মো. ফখরুল ইসলাম, কাজী শামসুন নাহার মিনা (এমডির স্ত্রী), এ টি এম খোরশেদ আলম, আশরাফুল ইসলাম (ইমরান), শেখ আহমেদ, এস এম মোরশেদ জুয়েল, মো. সাইফুজ্জামান (মার্শাল), মো. আনিসুর রহমান (বাবু) ও মো. আবুল হাশেমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।