যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ফাঁসির রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিল শুনানির জন্য কার্যতালিকায় এসেছে। বুধবার আপিল বিভাগের দৈনন্দিন কার্যতালিকার চার নম্বর ক্রমিকে আপিলটি শুনানির জন্য রয়েছে। বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে এ আপিলের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। বেঞ্চের অপর বিচারকগণ হলেন, বিচারপতি মো. আব্দুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।
গত ১৭ জুলাই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মুজাহিদকে মৃত্যুদণ্ড দেয়।
অপহরণ, নির্যাতন, হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগের মধ্যে পাঁচটি ঘটনায় সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার আদেশ দেয়া হয়।
ট্রাইব্যুনালের এই দন্ড বাতিল ও তাকে বেকসুর খালাস দেওয়ার আবেদন জানিয়ে আপিল বিভাগে গত ১১ আগষ্ট আপিল করেন মুজাহিদ। ১১৫টি আইনগত যুক্তি তুলে ধরার পাশাপাশি ৯৫ পৃষ্ঠার মূল আপিলের সঙ্গে ৩ হাজার ৮০০ পৃষ্ঠার নথিপত্র দাখিল করেছে মুজাহিদের আইনজীবীরা।
ইতিমধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধে দন্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী, এম কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লার আপিল চূড়ান্ত নিষ্পত্তি করেছে। এছাড়া আপিল শুনানির পূর্বে দন্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক আমীর গোলাম আযম ও বিএনপির সাবেক মন্ত্রী আব্দুল আলীম মারা যান। ফলে তাদের দুজনের আপিল অকার্যকর হয়ে যায়।
