সীমান্তে অবৈধ কার্যক্রম বন্ধে ভারত-বাংলাদেশ যৌথ প্রচেষ্টা চালাতে সম্মত

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৫, ২১:২৬


 ভারত ও বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে অবৈধ কার্যক্রম, চোরাকারবারি ও অনুপ্রবেশ রোধে আরো সমন্বিত প্রক্রিয়ায় কাজ করে যেতে সম্মত হয়েছে।
সোমবার শিলংয়ে বাংলাদেশ ও ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত সংলগ্ন জেলাগুলোর জেলা প্রশাসক/ জেলা ম্যাজিস্ট্রেটদের দ্বিপক্ষীয় সম্মেলনে এ সিদ্ধান্ত নেয়া হয়।
সিলেটের জেলা প্রশাসক শহিদুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশের ৭ জেলার ২৪ সদস্যের প্রতিনিধিদল সম্মেলনে যোগ দেন।
ভারতের মেঘালয় রাজ্য থেকে ইস্ট খাসি হিলস্ জেলার প্রশাসক সঞ্চয় গোয়াল ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
ভারত ও বাংলাদেশ সীমান্ত সংশ্লিষ্ট বিষয় সমাধানে জেলা পর্যায়ে সম্পর্ক এবং তথ্য বিনিময় জোরদারের সিদ্ধান্ত নিয়েছে। তারা এ সময় উভয় দেশের জেলে আটক ব্যক্তিদের প্রত্যাবাসনের সুযোগ সৃষ্টিতে যাচাইকরণ জোরদারের ওপর গুরুত্বারোপ করেছে।
বৈঠক শেষে শহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, আজকের বৈঠক দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সম্পর্ক জোরদার করবে।
তিনি বলেন, এ ধরনের বৈঠক উভয় দেশের সীমান্ত জেলাগুলোতে অপরাধ তৎপরতা রোধে সহায়ক হবে যা উভয় দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার করবে। -খবর বাসস