কৃষ্ণসার হরিণ শিকার মামলায় সালমান খানের দণ্ডাদেশ স্থগিত করে রাজস্থান উচ্চ আদালতের দেয়া আদেশের বিরুদ্ধে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। বুধবার এই আদেশ দেয়া হয়।
সালমানের বিরুদ্ধে এ রায় বহাল রাখা হবে কি-না উচ্চ আদালতকে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেছে ভারতের শীর্ষ আদালত।
সুপ্রিক কোর্টের আদেশে আরো বলা হয়েছে, বিদেশে যাওয়ার খুব প্রয়োজন হলে উচ্চ আদালতে আবেদন করতে পারবেন সালমান।
‘হাম সাথ সাথ হ্যায়’ চলচ্চিত্রে কাজ করার সময় ১৯৯৮ সালে ২৬-২৯ সেপ্টেম্বরের মধ্যে ভাওয়াদে দুটি চিনকারা ও গোদা ফার্মে একটি কৃষ্ণসার হরিণ শিকার করেন সালমান। এই দুই ঘটনায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়। ঐ দুই মামলায় একটি একবছর ও অন্য মামলায় পাঁচবছর কারাদণ্ড দেয় নিম্ন আদালত। কিন্ত নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে সালমান খান উচ্চ আদালতে চ্যালেঞ্জ করেন। এর পরিপ্রেক্ষিতে রাজস্থান উচ্চ আদালত নিম্ন আদালতের আদেশ স্থগিত রাখেন। এর রাজস্থান সরকার সুপ্রিম কোর্টে উচ্চ আদালতের আদেশের বিরুদ্ধে আবেদন করেন। সেই আবেদনের ভিত্তিতেই আজ এই রায় দেয়া হলো।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ ভিসা পেতে ২০০৭ সালে মামলার রায় স্থগিত করার জন্য উচ্চ আদালতে আবেদন জানান সালমান। শুধু সালমানের ব্রিটেনের ভিসা পাওয়ার পথ সুগম করতে দণ্ডাদেশ স্থগিত করেছিল রাজস্থান উচ্চ আদালত।
একই চলচ্চিত্রের অভিনয়শিল্পী সাইফ আলি খান, সোনালি বেন্দ্রে, টাবু ও নীলমও যোধপুরের কাছে প্রাণী শিকারের দায়ে অভিযুক্ত হয়েছিলেন।
