ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের খামারগাঁও এলাকায় উত্পল মজুমদার নামে এক কথিত অভিযুক্ত ব্যক্তি গ্রাম্য সালিশে উপস্থিত না হওয়ায় মাতব্বররা তার বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।
বুধবার সকালে শতাধিক লোক লাঠিসোটা ও দেশিয় অস্ত্র নিয়ে এ হামলা চালিয়ে নগদ টাকাসহ ৭ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠছে। এ সময় ওই বাড়িতে কোন পুরুষ সদস্য ছিল না।
জানা যায়, স্থানীয় পোশাক কারখানার এক নারী শ্রমিককে শ্লীলতাহানির অভিযোগে ঘটনার তিন মাসপর স্থানীয় মাতব্বরা এক সালিশের আয়োজন করে। নির্ধারিত সালিশে উত্পল মজুমদার উপস্থিত না হওয়ায় সালিশকারীদের একটি অংশ ক্ষিপ্ত তার বাড়িতে লাঠিসোটা ও দেশিয় অস্ত্র নিয়ে এ হামলা চালায়। নগদ টাকাসহ ৭ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেন উত্পলের স্ত্রী লিলি রানী মজুমদার।
উত্পলের বৃদ্ধ মা রেবা রানী মজুমদার বলেন, স্বাধীনতার যুদ্ধে আমার স্বামীকে রাজাকাররা ধরে নিয়ে হত্যা করেছে। কিন্তু সে সময়ও বাড়ি ঘরে এভাবে হামলা লুটপাট হয়নি। এ হামলা ৭১-এর সেই স্বাধীনতার যুদ্ধের সময় রাজাকারদের অত্যাচারকেও হার মানায়।
জানতে চাইলে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আইয়ুবুর রহমান হামলা ও ভাঙচুরের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থ নেওয়া হচ্ছে।
