বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানকে আদালত অবমাননার দায়ে সাজা দেয়ায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দেয়া ৪৯ বিশিষ্ট নাগরিকের কাছে ব্যাখ্যা চেয়েছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। আগামী ২৭ জানুয়ারির মধ্যে ট্রাইব্যুনালে হাজির হয়ে অথবা আইনজীবীর মাধ্যমে বিবৃতিদাতাদের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বুধবার বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। পরে সংবাদ সম্মেলনে এ আদেশের কথা জানান ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. মোস্তাফিজুর রহমান।
প্রসঙ্গত, গত ২ ডিসেম্বর আদালত অবমাননার দায়ে ডেভিড বার্গম্যানকে আদালত চলাকালীন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করে ট্রাইব্যুনাল। এ সাজার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি প্রদান করেন ৫০ জন বিশিষ্ট নাগরিক। গত ২০ ডিসেম্বর একটি জাতীয় দৈনিক পত্রিকায় ‘বার্গম্যানের সাজায় ৫০ নাগরিকের উদ্বেগ’ শীর্ষক প্রতিবেদন ছাপা হয়। পরে মানবাধিকারকর্মী খুশী কবির বিবৃতি থেকে তার নাম প্রত্যাহার করেন। এরপর ২৮ ডিসেম্বর ট্রাইব্যুনাল-২ এক আদেশে ৩১ ডিসেম্বরের মধ্যে ওই পত্রিকাকে ওই বিবৃতির অনুলিপি ট্রাইব্যুনালে দাখিলের আদেশ দেয়। সে অনুসারে বিবৃতির অনুলিপি জমা দিলে ট্রাইব্যুনাল পরবর্তী আদেশে বিবৃতিদাতাদের ঠিকানা চায়। সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক ও মানবাধিকারকর্মী হানা শামস আহমেদের কাছে এ সব ঠিকানা চাওয়া হয়।
আদেশ অনুযায়ী শাহদীন মালিক ও হানা শামস আহমেদ বিবৃতিদাতাদের ঠিকানা ট্রাইব্যুনালে পেশ করেন। এর পর বিবৃতিদাতাদের কাছে তাদের দেয়া বিবৃতির ব্যাখ্যা চেয়ে আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল-২।
রেজিস্ট্রার মো. মোস্তাফিজুর রহমান জানান, বিবৃতি দাতাদের মধ্যে ১১ জন দেশের বাইরে অবস্থান করায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এ আদেশের অনুলিপি তাদের পাঠাতে বলা হয়েছে। যেসব দেশে তারা অবস্থান করছেন, সেসব দেশে বাংলাদেশ মিশনের মাধ্যমে তাদের ব্যাখ্যা সংগ্রহ করে নির্ধারিত সময়ের মধ্যে ট্রাইব্যুনালে দাখিল করতে হবে। ব্যাখ্যা জমা দেয়ার পর সেগুলো পর্যবেক্ষণ করে ট্রাইব্যুনাল পরবর্তী আদেশ দেবেন বলে তিনি জানান।
