ওপেনার ইয়ান বেলের বিধ্বংসী ব্যাটিংয়ে নিজেদের প্রথম অনুশীলন ম্যাচে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী একাদশকে পরাজিত করেছে সফরকারী ইংল্যান্ড। বুধবার ক্যানবেরায় অনুষ্ঠিত ম্যাচে ১৪৫ বল মোকাবেলায় বেলের করা ১৮৭ রান এবং পেসার স্টুয়ার্ট ব্রডের চার উইকেট শিকারের সুবাদে প্রধানমন্ত্রী একাদশকে ৬০ রানে পরাজিত করেছে ইংল্যান্ড।
মানুকা ওভালে বেলের দুর্দান্ত ব্যাটিংয়ে ইংল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৯১ রান করে। ফলে জয়ের জন্য প্রধানমন্ত্রী একাদশকে ওভার প্রতি আট রানের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়।
ইনিংসের এক বল বাকি থাকতে পেসার জেসন বেহরেনডর্ফের বলে অধিনায়ক ক্রিস রজার্সের হাতে ক্যাচ দিয়ে আউট হন বেল। এরপর ইংল্যান্ড ৪৮.১ ওভারে ৩৩১ রানে প্রধানমন্ত্রী একাদশকে অল আউট করে দেয়। পেসার ব্রড ৮.১ ওভারে ৪০ রানে শিকার করেন চার উইকেট।
আগামী শুক্রবার সিডনিতে ত্রিদেশীয় সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে নামার আগে এ জয় টনিক হিসেবে কাজ কাজ করবে ইংল্যান্ডের জন্য।
