প্যারিসের শার্লি এবদো পত্রিকা অফিসে হামলার দায় স্বীকার করে ভিডিও বিবৃতি দিয়েছে আল-কায়েদা। বুধবার অনলাইনে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে আল-কায়েদার একজন শীর্ষ নেতা হামলার দায় স্বীকার করে বিবৃতি দিচ্ছেন। ভিডিও বার্তায় ঐ নেতা দাবি করেছেন, 'রসূল(সঃ) এর পক্ষ থেকে এই প্রতিশোধ নেয়া হয়েছে'।
জঙ্গি সংগঠনটির আরব উপদ্বীপ অঞ্চলের মুখপাত্র নাসের আল আনসি ১১ মিনিট দীর্ঘ একটি ভিডিও বার্তায় জানিয়েছেন, আল-কায়েদার ইয়েমেন শাখা হামলার লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা ও অর্থায়ন করেছে। তিনি ফ্রান্সকে 'শয়তানের দলের অংশ' আখ্যা দিয়ে আরো হামলা মোকাবেলার প্রস্তুতি নিতে হুমকি দিয়েছেন।
সাইদ ও শেরিফ কুয়াশি নামে ফরাসি দুই ভাই গত ৭ জানুয়ারি শার্লি এবদোর সদর দফতরে সশস্ত্র হামলা চালান। হামলায় ম্যাগাজিনটির সম্পাদক, কার্টুনিস্ট ও সাংবাদিকসহ ১২ জন প্রাণ হারান। এ ঘটনায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে। হামলার পর গাড়ি ছিনতাইকরে নিরাপদে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল সাইদ ও শেরিফ। পরে প্যারিস থেকে ৩৫ মাইল উত্তরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে লড়াইয়ে মারা যান তারা। আল কায়েদার ভিডিওতে ওই দুই ভাইকে 'বীর' বলেও আখ্যায়িত করা হয়েছে। সূত্র: আলজাজিরা
