অবরোধ চালিয়ে যাওয়ার আহ্বান রিজভীর

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৫, ১৯:০২
 
 
বিএনপি নেতা রিয়াজ রহমানের ওপর হামলার প্রতিবাদে ডাকা হরতাল সফল হয়েছে দাবি করে বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘১২ ঘণ্টার হরতাল সফল করার জন্য বিএনপির পক্ষ থেকে জনসাধারণকে অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত চলমান অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।’ হরতাল শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি একথা বলেন।
কর্মসূচিতে নাশকতার জন্য সরকারকে দায়ী করে রিজভী বলেন, অমানবিক নাশকতা সৃষ্টি করে বিরোধী দলের বিরুদ্ধে তারা (সরকার) অপপ্রচার চালালেও মানুষ তা কখনোই বিশ্বাস করবে না। তিনি বলেন, সরকার জনম্যান্ডেট ছাড়া অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে নাশকতা, সন্ত্রাস, হানাহানি, খুনোখুনির ওপর নির্ভর করেই দেশ পরিচালনা করছে।

তিনি আরও বলেন, তারা বিরোধী মত, সমালোচনা ও বিরোধী দল উচ্ছেদ অভিযানে সর্বশক্তি নিয়োগ করেছে। নিজেদের ক্ষমতাকে ঠিক রাখতে সরকার আজ আইনশৃঙ্খলা বাহিনীকে জনগনের মুখোমুখি দাঁড় করিয়েছে।