দি মারিয়ার জোড়া গোলে দিজোঁকে হারিয়ে সেমিতে পিএসজি

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:২৮

আনহেল দি মারিয়ার জোড়া গোলে দিজোঁকে ৩-০ গোলে হারিয়ে ফরাসি কাপের সেমি-ফাইনালে উঠেছে পিএসজি। দলের হয়ে অন্য গোলটি করেন তমা মুনিয়ে।

 

নিজেদের মাঠে ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে দেন দি মারিয়া। ইউলিয়ান ড্রাক্সলারের কাছ থেকে বল পেয়ে চিপ শটে দিজোঁর গোলরক্ষককে পরাস্ত করেন আর্জেন্টাইন মিডফিল্ডার। ম্যাচের ২৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দি মারিয়া। সতীর্থ ফরোয়ার্ড এরিক মাক্সিম চুপো-মোটিংয়ের উদ্দেশে বল বাড়ান দি মারিয়া। কিন্তু মাঝপথে ঠেকিয়ে দেন এক ডিফেন্ডার। আলগা বল পেয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন মিডফিল্ডার। মৌসুমে এটি তার নবম গোল।

 

ম্যাচের ৭৬তম মিনিটে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি। ডি-বক্সে একজনকে কাটিয়ে ডিফেন্ডার মুনিয়েকে বল দেন মোটিং। বাঁ পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন বেলজিয়ান ডিফেন্ডার মুনিয়ে।

আরো পড়ুন : দুই বছর নিষিদ্ধ জয়াসুরিয়া

চোটের কারণে এদিনসন কাভানি ও নেইমার অনেক দিন ধরে দলের বাইরে। আর এদিন আক্রমণভাগের আরেক তারকা কিলিয়ান এমবাপেকেও বেঞ্চে রেখে একাদশ সাজান কোচ টমাস টুখেল।

 

ইত্তেফাক/ইউবি