মমতার সফরে গুরুত্ব পাবে ইলিশ

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৫, ১৯:২৮
 
 
 
 
ভারতের পশ্চিমবঙ্গের কূটনীতি সুভোজনের সঙ্গে সম্পর্কিত। যে কারণে বাংলাদেশ থেকে ইলিশ মাছ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে কেন্দ্রীয় সরকারকে উদ্যোগ নেয়ার জন্য চাপ দিয়ে আসছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার। সফল না হয়ে শেষ পর্যন্ত এ দায়িত্ব মমতা ব্যানার্জি নিজেই নিতে যাচ্ছেন। আগামী মাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে তিন দিনের সফরে তার ঢাকা আসার কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে তাই ইলিশ রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি তুলবেন তিনি। বৃহস্পতিবার ভারতের টাইমস অব ইন্ডিয়ার অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
রাজ্যের মত্স্যসম্পদ বিষয়ক মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, ‘বাংলাদেশের ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আমরা পররাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কাছে গিয়েছি। কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। শেষ পর্যন্ত দিদি (মমতা) বাংলাদেশ সফরে এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেষ্টা চালাবেন।’
প্রতিবেদনে বলা হয়—হুগলিতে ধরাপড়া ইলিশের চেয়ে বাংলাদেশের পদ্মার ইলিশ অনেক বেশি সুস্বাদু। কিন্তু ২০১২ সালের নিষেধাজ্ঞার পর থেকে পশ্চিমবঙ্গের মানুষ সেই স্বাদ থেকে বঞ্চিত।