জামালপুরের সরিষাবাড়ী বিদ্যুৎ সরবরাহ উপকেন্দ্রের (পিডিবি) আবাসিক প্রকৌশলী (সহকারী প্রকৌশলী) এসএম আব্দুল হাকিম মিয়াকে দুর্নীতির দায়ে শাস্তিমুলক বদলী করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। বিউবোর উপপরিচালক-১ (কর্ম) মোঃ আব্দুস সালাম স্বাক্ষরিত এক দপ্তরাদেশ (স্মারক নং ০৪-বিউবো (কর্ম)/২/আইডি:১১-০৫০৯/২০৪, তারিখ: ১৩/০১/২০১৫ইং) সুত্রে এ তথ্য পাওয়া গেছে। আগামী ২০ জানুয়ারির মধ্যে তাকে সরিষাবাড়ী থেকে চট্রগ্রামের শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রে যোগদানের আদেশ দেওয়া হয়েছে। অন্যথায় ২১ জানুয়ারি থেকে তার স্ট্যান্ড রিলিজ কার্যকর হবে বলেও ওই দপ্তরাদেশে বলা হয়।
সুত্র জানায়, আবাসিক প্রকৌশলী এসএম হাকিম মিয়ার বিরুদ্ধে সেচ গ্রাহকদের অবৈধ ও ভুয়া বিদ্যুৎ বিল তৈরি, লেজার বকেয়া বিল আত্মসাৎ, উপজেলার সিঙ্গুরিয়ার পূর্বপ্রান্তের মেছেরবাড়ি এলাকায় অবৈধভাবে ১২টি ও ছাতারিয়া স্কুল প্রাঙ্গনে ২০টি বিদ্যুৎ খুটি স্থাপন, শিশুয়া হতে নগদা-বাঘমারাসহ বিভিন্ন এলাকায় অবৈধ বিদ্যুৎ লাইন সম্প্রসারন ছাড়াও নানা দুর্নীতির অভিযোগ ওঠে। গ্রাহকরা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে লিখিত এ সব একাধিক অভিযোগ দায়ের করলে কর্তৃপক্ষ তাকে শাস্তিমুলক বদলী করে। পিডিবির দুর্নীতিবাজ আবাসিক প্রকৌশলী এসএম হাকিম মিয়াকে বদলী করায় গ্রাহকসহ উপজেলার সচেতন মহল সাধুবাদ জানিয়েছে।
এ ব্যাপারে আবাসিক প্রকৌশলী এসএম হাকিম মিয়ার বক্তব্য জানার চেষ্টা করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
