রাজনৈতিক কর্মসূচির নামে নিরীহ মানুষ হত্যা চলছেই। রংপুরে চলন্ত বাসে পেট্রোল বোমার আগুনে পাঁচ জনের মৃত্যুর পর এবার দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়ে পুড়িয়ে মারা হলো এক ঘুমন্ত হেলপারকে। ঘটনাটি ঘটেছে গত বুধবার গভীর রাতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। নিহত ওই পরিবহন কর্মীর নাম তোফাজ্জল হোসেন (১৬)। সে গাজীপুর জেলার কোনাবাড়ী আমবাগ এলাকার মো. ওয়াহেদ মিয়ার পুত্র।
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ ও হরতাল চলাকালে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে কমপক্ষে আরো এক ডজন বাস-ট্রাকে আগুন দেয়া হয়েছে। কোথাও কোথাও চালক-হেলপারকে নামিয়ে বেধড়ক পিটিয়েছে দুর্বৃত্তরা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চারটি গাড়ি ও কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সেখানে অভিযান শুরু করেছে যৌথবাহিনী।
কুমিল্লায় বিএনপি’র সঙ্গে পুলিশ-আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে ও কয়েকটি স্থানে বিচ্ছিন্ন সহিংসতায় পুলিশ-সাংবাদিক, পথচারীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। সিলেটে পুলিশের গাড়ি লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি। নাশকতায় জড়িত সন্দেহে বরিশাল, সাতক্ষীরা, রংপুর, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, নোয়াখালীসহ আরো কয়েকটি জেলায় ব্যাংক কর্মকর্তাসহ দুই শতাধিক বিএনপি-জামায়াত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা জানান, বুধবার রাত সাড়ে তিনটার দিকে উপজেলার মহিষবাথান এলাকায় আদ্রা নামের (ঢাকা মেট্রো জ-১১-০৩৫২) একটি বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে ছিল। বাসে ঘুমিয়ে ছিলেন হেলপার তোফাজ্জল। ওই সময় দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিলে তোফাজ্জল অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। আগুনে বাসটির ভিতরের সম্পূর্ণ অংশ পুড়ে গেছে। পুলিশ হতভাগ্য হেলপারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা জানান, বুধবার বিকালে যৌথবাহিনীর সহযোগিতায় সোনমসজিদ স্থলবন্দর থেকে পণ্যবাহী ৪৪টি ট্রাক ছেড়ে আসলে মুসলিমপুরে দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রোল বোমায় একটি পিঁয়াজের ট্রাক পুড়ে যায়। অপর একটি ট্রাক উল্টে গেলে মালামাল লুট হয়ে যায়। একই দিন সন্ধ্যায় কানসাট বাজার এলাকায় একটি পিঁয়াজের ট্রাকে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করলে ট্রাকে আগুন লেগে যায়। রাত সাড়ে ৭টার দিকে শিবগঞ্জ রসুলপুর মোড়ে সোনামসজিদ থেকে ছেড়ে আসা পণ্যবাহী ২টি ট্রাকে পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ করলে ট্রাকে আগুন লেগে যায় এবং চালক লিটন ও রানা গুরুতর আহত হন। লিটনের চোখে আঘাত লেগেছে। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শিবগঞ্জ রসুলপুর মোড়ে দুর্বৃত্তরা কয়েকটি বাড়িতে আগুন দিলে যৌথবাহিনীর সহায়তায় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনার পর উপজেলা জুড়ে অভিযান শুরু করে যৌথ বাহিনী। বিকাল পর্যন্ত ২৫ জামায়াত-বিএনপি কর্মীকে আটক করা হয়েছে বলে শিবগঞ্জ থানার ওসি জানিয়েছেন।
সিলেট অফিস জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর কাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে পুলিশের গাড়ি লক্ষ্যে করে শিবির কর্মীরা একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। জবাবে পুলিশ ৮ রাউন্ড গুলি ছুঁড়ে। এতে নেতাকর্মীরা পালিয়ে যান।
চট্টগ্রাম অফিস জানায়, হরতালে চট্টগ্রাম মহানগরীর কোথাও অপ্রীতিকর ঘটনা না ঘটলেও পরিবহন সংকটে নগরবাসীকে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। চট্টগ্রাম রেল স্টেশনে প্রায় সব ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে। আন্তঃজেলা বাস চলাচল বন্ধ ছিল। তবে বিজিবি’র পাহারায় জ্বালানি তেল ও ভোগ্যপণ্যবাহী কিছুসংখ্যক লরী ও কাভার্ড ভ্যান নগরী থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। নিরাপত্তা নিশ্চিত করতে নগরীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর সাগরিকা মোড় থেকে কেন্দ্রীয় ছাত্রদলের চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি মনজুরুল আলম মনজুকে গ্রেফতার করেছে পুলিশ।
এছাড়া নগরীর চান্দগাঁও এলাকায় জাসদের কার্যনির্বাহী কমিটির সভাপতি মঈনউদ্দিন খান বাদল এমপি’র কার্যালয় লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যা ৭টার দিকে দুর্বৃত্তরা পরপর তিনটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। বিকট শব্দে ককটেলগুলো বিস্ফোরণের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কেউ হতাহত হননি।
নাটোর প্রতিনিধি জানান, বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর বাজার এলাকায় একটি সিমেন্ট বোঝাই ট্রাকে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ট্রাক চালক রাজশাহীর পুঠিয়া উপজেলার গোপালহাটি গ্রামের অজয় কুমার দাস (৩৫) ও হেলপার বানেশ্বরের রাসেলকে (২৩) বেধড়ক পিটিয়ে তাদের কাছ থেকে নগদ ২০ হাজার টাকা কেড়ে নেয়া হয়।
কুমিল্লা প্রতিনিধি জানান, জেলায় বিএনপি’র সঙ্গে পুলিশ-আওয়ামী লীগ নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নগরীর কান্দিরপাড় এলাকায় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে ডিবি’র কনস্টেবল কামরুল, বিএনপি নেতা সফিউল আলম রায়হান, সময় টিভির সাংবাদিক বাহার রায়হানসহ ১৫ জন আহত হয়েছেন।
বরিশাল অফিস জানায়, বৃহস্পতিবার সকালে নগরীর নাজিরেরপুল এলাকায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বুধবার মধ্য রাতে শিবিরের প্রশিক্ষণ কেন্দ্র ও ঘাঁটি প্রধান ইসলামী ব্যাংকের কর্মকর্তা মো. মঞ্জুরুল করিমকে তার আলেকান্দার বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় গাছ কাটার যন্ত্র, পেট্রোল, সিডি, জেহাদী বইসহ বিভিন্ন জঙ্গি প্রশিক্ষণ সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা জানান, উপজেলায় এন,মল্লিক পরিবহনের থামিয়ে রাখা একটি বাসে (ঢাকা-ব ১১-১০০৪) আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯টার দিকে আগলা সড়কে এ ঘটনা ঘটে।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ বাইপাস এলাকায় পিকেটাররা পুলিশের উপর পেট্রোল বোমা, ককটেল ও পাথর নিক্ষেপ করে। এসময় পুলিশ ৩০/৪০ রাউন্ড গুলি ছুঁড়লে সাদ্দাম (৩০) নামে এক পথচারী গুরুতর আহত হন। তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, বুধবার রাতে উপজেলার পটিয়া-আনোয়ারা পিএবি সড়কের দৌলতপুর এলাকায় একটি সিএনজি ট্যাক্সিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এসময় ২টি ট্রাকসহ ৬টি যানবাহন ভাংচুর করা হয়।
জয়পুরহাট প্রতিনিধি জানান, জেলার চান্দাহার নামক স্থানে ২টি ট্রাক ও ১টি প্রাইভেটকারে আগুন দিয়েছে অবরোধকারীরা।
শালিখা (মাগুরা) সংবাদদাতা জানান, ঢাকা-খুলনা মহাসড়কের শালিখা উপজেলার আড়পাড়া ব্রীজের ওপর একটি বাসে বুধবার রাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।
কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ভৈরব থেকে বিয়ানীবাজার যাবার পথে ভুয়াই বাজারের কাছে রড-সিমেন্ট বোঝাই ১০ চাকার একটি ট্রাকে ( ঢাকা মেট্রো-ট ১৬-০৯৫০) অগ্নিসংযোগ করেছে হরতাল সমর্থকরা। আহত ট্রাক চালক ঢাকার মুন্সীগঞ্জের রফিকুল ইসলাম (৫২) ও সহকারী ঢাকার আলমগীর হোসেনকে (২৫) কুলাউড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, নাশকতার আশংকায় পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ মোট ৬১ জনকে আটক করেছে।
