তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুইটি হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতের এ ঘটনায় ছাত্রলীগের জিয়াউর রহমান হল শাখার সভাপতি আবু সালমান প্রধান শাওনসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন।
জানা গেছে, বৃহস্পতিবার রাত পৌনে দুইটার দিকে প্রসাব করা নিয়ে ছাত্রলীগের জিয়াউর রহমান হল শাখার সভাপতি শাওনের পক্ষের কর্মী ইমরান ও জসীম উদদীন হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রানার মধ্যে বাক্ববিতণ্ডা হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। প্রায় সোয়া ঘণ্টা সংঘর্ষ চলার পর পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন।
