বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৫, ২০:৪৮



ধর্মপ্রাণ লাখো মুসল্লি অংশগ্রহণে শুক্রবার শুরু হয়েছে তাবলীগ জামাত আয়োজিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে শুক্রবার ফজরের নামাজের পর থেকে ভারতের মাওলানা মো. ইসমাইল হোসেনের আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে।
উর্দুতে দেওয়া মূল বয়ান বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা মো. নুরুর রহমান।
বৃহস্পতিবার বাদ ফজর থেকে ইজতেমা ময়দানে আম বয়ান শুরু হয়েছে। দেশ-বিদেশের বিভিন্ন বুজর্গ আলেমগণ ঈমান, আমল, আখলাক ও কালেমা সম্পর্কে গুরুত্বপূর্ণ বয়ান করেন। দ্বিতীয় পর্বের ইজতেমার প্রথম দিন শুক্রবার হওয়ায় কয়েক লাখ মুসল্লি এক সঙ্গে জুমার নামাজ আদায় করবেন।
দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নিতে সৌদি আরব, পাকিস্তান, ভারত থেকে শুরু করে এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার প্রায় কয়েক হাজার বিদেশি মেহমান এসেছেন। মুসল্লিদের ইজতেমামুখী ঢল অব্যাহত থাকবে আখেরি মোনাজাতের আগ পর্যন্ত। দ্বিতীয় পর্বে ৩৯টি খিত্তায় ৩৪ জেলার মুসল্লি অংশ নিচ্ছেন।