স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জনগণের দোড় গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে সরকারের পাশাপাশি সমাজের বৃত্তবানদের এগিয়ে আসতে হবে।
মন্ত্রী বলেন, বেসরকারি উদ্যোগে অনেক গার্মেন্টস ও শিল্পকারখানা গড়ে ওঠেছে। তাই এই সকল উদ্যোক্তাদের আহবান জানাবো, আপনারা স্বাস্থ্য সেবার ক্ষেত্রে এগিয়ে আসুন। আপনারা নতুন নতুন হাসপাতাল তৈরি করুন অসুবিধা নেই।
শুক্রবার মিরপুরস্থ বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস এর মালেক চৌধুরী একাডেমিক ভবনে বাংলাদেশ ডায়বেটিক সমিতি আয়োজিত ‘দূরশিক্ষণ প্রশিক্ষণ’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
দেশের প্রত্যন্ত অঞ্চলে প্র্যাকটিসরত চিকিৎসকদের ডায়াবেটিস বিষয়ে প্রশিক্ষণ দেয়ার লক্ষ্যেই এই কর্মসূচি চালু করেছে বাংলাদেশ ডায়েবেটিক সমিতি।
সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক হাজেরা মাহতাবের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক একে আজাদ খান।
মন্ত্রী বলেন, স্বাস্থ্য খাত নিয়ে কারো রাজনীতি করা উচিত নয়। এই খাতে সবার সহযোগিতা করা উচিত। আমরা যারা রাজনীতি করি জনগণের সেবা করার জন্য। তাই স্বাস্থ্য খাত হচ্ছে জনগণকে সেবা করার সবচেয়ে বড় খাত। তাই আমি আশা করবো এ বিষয়ে সকল রাজনৈতিক দল সরকারকে সহযোগিতা করবে।
