কার্যকর সংলাপের আহ্বান বিএনপির

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৫, ১৭:২৪

জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে ‘এই মুহূর্তে কার্যকর সংলাপের’ ব্যবস্থা করতে সরকারের প্রতি আহবান জানিয়েছে বিএনপি।একই সঙ্গে ‘বিজয় অর্জন হওয়া না পর্যন্ত’ অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। শুক্রবার দুপুরে এক বিবৃতিতে দলটির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, উৎপীড়ন, পরিকল্পিত নাশকতা, প্রকাশ্য গুলি করে অবরোধকারীদের হত্যা আর ধরপাকড়ের পথ থেকে সরে আসুন। বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি দিন। যতক্ষণ পর্যন্ত না বিজয় অর্জিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত চলমান অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।
বিজিবি’র মহাপরিচালক ‘প্রয়োজনে বিজিবি আগ্নেয়াস্ত্র ব্যবহার করবে’-এরকম বক্তব্যের সমালোচনা করে তিনি বলেছেন, এটি নজিরবিহীন, অমানবিক ও আতঙ্কজনক। বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থাকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে গিয়ে গুরুত্বপূর্ণ পদে নিজেদের লোকদের বসিয়ে এই সমস্ত বাহিনীগুলোকে গণশত্রুতে পরিণত করা হয়েছে।
তিনি বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করেনা এবং মতায় গেলে কারো প্রতি প্রতিহিংসামূলক আচরণ করবে না। আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। জনগণের ভোটের অধিকার ফিরে পাওয়া ও একটি অবাধ নির্বাচন নিশ্চিত করার জন্যই আমরা জনগণকে সঙ্গে নিয়ে লাগাতার এই আন্দোলনে রত আছি। এই অবৈধ সরকার এখন খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে।