খায়েশ থাকলে উর্দি খুলে রাজনীতির মাঠে নামুন: বিএনপি

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৫, ১৯:২৭
বিএনপির নেতৃত্বাধীন জোটের এক বিবৃতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেসব কর্মচারীর রাজনৈতিক ’খায়েশ’আছে তাদেরকে উর্দি খুলে প্রজাতন্ত্রের চাকরিতে ইস্তফা দিয়ে রাজনীতির মাঠে নামার আহ্বান জানানো হয়েছে।
গুলশানে চেয়ারপার্সনের অফিস থেকে দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের স্বাক্ষর করা এই বিবৃতিতে ,দেশের চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের দেয়া বিবৃতিকে স্বাগত জানিয়েছে বিএনপি জোট। তবে সহিংস ঘটনার নিরপেক্ষ ও কার্যকর তদন্তের জন্য সরকারের প্রতি যে আহ্বান জানানো হয়েছে, সে ব্যাপারে তাদের সংশয় আছে।
বিবৃতিতে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ পদে এমন লোকদের বসানো  হয়েছে, তারা এখন আইন কানুন এবং তাদের আওতা, পরিধি ও কর্তব্যের সীমারেখা মেনে চলারও ধার ধারছে না।
রংপুরে দেয়া পুলিশের আইজি শহীদুল হক এবং র‌্যাবের ডিজি বেনজীর আহমেদের বক্তব্যের কঠোর সমালোচনা করে বলা হয়, তারা রীতিমতো রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। বিরোধী দল ও জনগণকে কঠোর ভাষায় হুমকি ও ভয়-ভীতি দেখিয়ে ক্ষমতাসীনদের বিরুদ্ধে আন্দোলনের পরিণাম সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। জাতীয় নির্বাচন কখন হবে না হবে সে ব্যাপারেও তারা মন্তব্য করেছেন।
 এর আগে বিজিবির ডিজিও একইভাবে আন্দোলনকারীদের বিরুদ্ধে হুমকি দিয়েছেন। তাদের এই আচরণের প্রতি নিন্দা জানানো হয়েছে।
নিরাপত্তা বাহিনীর সদস্যদের উদ্দেশে বলা হয়, সুবিধাভোগী ও উচ্চাভিলাসের প্রতিযোগিতায় লিপ্ত দলবাজ কর্মকর্তাদের বেআইনি আদেশ-নির্দেশ মানতে আপনারা বাধ্য নন। আপনারা প্রকৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে জনগণের পাশে থাকবে এবং আইনসম্মত পন্থায় কর্তব্য পালন করবেন।