ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামীকাল রবিবার মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও ভারত। জয় দিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করা অসিদের মতো শুভসূচনা করতে চাইছে ইন্ডিয়াও। অস্ট্রেলিয়ার লক্ষ্যও টানা দ্বিতীয় জয়ের স্বাদ পাওয়া। মেলবোর্নে বাংলাদেশ সময় সকাল নয়টা ২০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে ত্রিদেশীয় সিরিজ। প্রথম ম্যাচেই ইংলিশদের ৩ উইকেটে হারিয়েছে অসিরা। প্রথমে ব্যাট করা ইংল্যান্ড ২৩৪ রানে অলআউট হয়। জবাবে ডেভিড ওয়ার্নারের ১২৭ রানের সুবাদে ৬১ বল হাতে রেখেই জয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে অসিরা।
প্রথম ম্যাচের মতো ভালো খেলার ধারাবাহিকতা নিজেদের দ্বিতীয় ম্যাচেও অব্যাহত রাখতে চাইছে অস্ট্রেলিয়া। তবে ভারতের বিপক্ষে ম্যাচটি কঠিনই হবে বলে মনে করেন স্বাগতিক অলরাউন্ডার জেমস ফকনার, ‘ভারতের বিপক্ষে ম্যাচ সবসময়ই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে থাকে। এবারও এর ব্যতিক্রম হবে না। আগের ত্রিদেশীয় সিরিজেও ভারতের ম্যাচগুলো বেশ জমেছিলো। ঐ সিরিজে আমি দলে ছিলাম। দু’দলের ব্যাটিং লাইন-আপ অনেক বেশি শক্তিশালী। কালকের ম্যাচেও বড় স্কোর হবে।’
অস্ট্রেলিয়া একাদশ (সম্ভাব্য): জর্জ বেইলি (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, এ্যারন ফিঞ্চ, শেন ওয়াটসন, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, ব্র্যাড হাডিন (উইকেটরক্ষক), জেমস ফকনার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জাভিয়ার ডোহার্তি।
ভারত একাদশ (সম্ভাব্য): মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, রবীচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, মোহাম্মদ সামি, ভুবেনশ্বর কুমার ও উমেশ যাদব।
