রাজশাহীর গোদাগাড়ীতে মাদকসেবীদের হামলায় হাত হারাতে বসেছে বাহাদুর কোল(২৫) নামের এক ক্ষুদ্র নৃগোষ্ঠী যুবক। বাহাদুরের বাড়ির পাশে মাদকের আসর বসানোর প্রতিবাদ করায় মাদক সেবীরা তাকে পিটিয়ে আহত করে। ২০ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার মোহন পুর ইউনিয়নের চিকনা গ্রামে এ ঘটনা ঘটে।
বাহাদুরের পরিবার ও স্থানীয় সূত্রে জানাযায়, বাহাদুরের বাড়ির পাশে মাদকের আসর বসায় স্থানীয় ছয় যুবক। এ সময় বাহাদুর প্রতিবাদ করলে মাদকসেবীরা মোবাইল চুরির অপবাদ দিয়ে তার উপর হামলা চালায়। এতে তার ডান হাত ভেঙে যায়। পরে স্থানীয় কবিরাজের কাছে চিকিৎসা গ্রহণ করে। সঠিক চিকিৎসা না পাওয়ায় তার ডান হাত ফুলে পচন ধরে। এমন অবস্থায় বাহাদুরের উন্নত চিকিৎসা প্রয়োজন। কিন্তু অর্থের অভাবে তার চিকিৎসা হচ্ছে না। পরিবারের একমাত্র উপার্জনক্ষম বাহাদুর অসুস্থ হয়ে পড়ে থাকায় দুই ছেলে স্ত্রী, মা-বাবাসহ ছয় সদস্যর সংসারে মিলছে না দুইবেলা খাবার।
আরো পড়ুন: চান্দিনায় কাভার্ডভ্যান চাপায় ৩ পথচারী নিহত
জাতীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিষদের সহ-সাধারণ সম্পাদক গণেশ মার্ডি বলেন, বাহাদুর কোলের উপর হামলাকারীদের আটক করে আইনের আওতায় আনা ও উন্নত চিকিৎসার জন্য প্রশাসনের সাহায্য প্রয়োজন।
এ প্রসঙ্গে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, বাহাদুর কোলের ওপর হামলার ঘটনাটি জানা নেই। তবে অভিযোগ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/মোস্তাফিজ
