‘বিএনপি-জামায়াত জঙ্গি জোটে পরিণত হয়েছে’

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৫, ২০:৪০
 
 
আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি এখন কোনো রাজনৈতিক সংগঠন নয়। বিএনপি জামায়াত জোট এখন বিএনপি জামায়াত জঙ্গি জোটে পরিণত হয়েছে।’
 
শনিবার দুপুরে চট্টগ্রামের চন্দনপুরা এলাকায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাস ও নৈরাজ্য বিরোধী এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
বিএনপি জামায়াত জোটের এই সন্ত্রাসী কর্মকাণ্ড, গুপ্ত হামলা, পেট্রোল বোমা হামলাকারীদের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, ‘আন্দোলনের নামে গুপ্ত হামলা চালানো দুস্কৃতিকারীদের প্রতিরোধে পাড়ায় মহল্লায় প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। এই পেট্রোল বোমা হামলাকারী দুস্কৃতিকারীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই তাদের গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করতে হবে।’
 
বিজিবি’র কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণাকে স্বাগত জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, ‘কেউ যদি পেট্রোল বোমা নিয়ে সাধারণ মানুষের উপর হামলা চালায়, কেউ যদি আন্দোলনের নামে সাধারণ মানুষকে হত্যা করতে আসে তাদের প্রতি আপনারা সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করুন।’