বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধে শুক্রবার রাতে দেশের বিভিন্নস্থানে ছয়টি ট্রাকে আগুন ও ভাঙচুর করা হয়েছে। নেত্রকোনায় এক ট্রাক চালক মারাত্নক দগ্ধ হয়েছেন। চট্টগ্রামে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ হয়েছেন এক রিকশা চালক। বগুড়ায় পুলিশকে লক্ষ্য করে ও থানা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে। অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর
নেত্রকোনা : শহরের বারহাট্টা রোডে দুর্বৃত্তরা গত শুক্রবার রাতে ময়মনসিংহগামী ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করলে চালক তারা মিয়া (৩৫) মারাত্মক অগ্নিদগ্ধ হয়। আগুনে তার হাত ও শরীরের কিছু অংশ ঝলসে গেছে। নেত্রকোনা হাসপাতালে চিকিত্সাধীন এই ট্রাক চালকের বাড়ি ময়মনসিংহের তারাকান্দায়।
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : শুক্রবার রাত ১টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের কাটা নামক স্থানে ধান বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। দিনাজপুর থেকে ধান বোঝাই করে ট্রাকটি বগুড়া যাচ্ছিল। এ ঘটনায় গতকাল কামারদহ ইউনিয়ন শিবির সভাপতি মো. রাশেদ মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
বগুড়া অফিস: গতকাল সকালে মাটিডালি বিমান মোড়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। জবাবে পুলিশ নেতাকর্মীদের লক্ষ্য করে দুই রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। পরে পুলিশকে লক্ষ্য করে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটাতে থাকে অবরোধ সমর্থকরা। পুলিশ রাবার বুলেট ও শটগানের গুলি ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে পুলিশ থানা বিএনপির সহসভাপতি শহিদুল ইসলামসহ ১৫ বিএনপির নেতাকর্মীকে গ্রেফতার করে। নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে আবারো ২য় বাইপাস মহাসড়কে অবস্থান নেয়। পুলিশ ফাঁকা গুলি ছুঁড়ে তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করে। শুরু হয় আবারও ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে পুলিশের গুলির ভয়ে নেতাকর্মীরা সটকে পড়ে ।
এদিকে বেলা ৩টার দিকে বগুড়া সদর থানার ফটকের সামনে পরপর ৪/৫টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। একইসময়ে থানার পাশে কবি নজরুল ইসলাম সড়কে আরও ২টি ককটেল বিস্ফোরণ ঘটে । পুলিশ ফটকের বাইরে এসে কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে ।
নাঙ্গলকোট (কুমিল্লা): শুক্রবার রাতে নাঙ্গলকোট-খিলা সড়কের হেসাখালে বালু বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনায় ট্রাকের মালিক আবদুল কাইয়ুম থানায় মামলা করেছেন। ৪ জনকে আটক করা হয়েছে।
ঈশ্বরদী (পাবনা): উপজেলার ছলিমপুর ইউনিয়নের কোলেরকান্দিতে দাশুড়িয়া-পাকশী মহাসড়কে শুক্রবার রাতে পেট্রোল ঢেলে আলু বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
চট্টগ্রাম অফিস: অবরোধকারীদের ছোঁড়া পেট্রোল বোমায় দগ্ধ হলেন রিকশা চালক ফজলুর রহমান। শুক্রবার গভীর রাতে রিকশা নিয়ে বাসায় ফেরার পথে কর্নেল হাট এলাকায় বোমা হামলার শিকার হন তিনি। তার হাত ও পায়ের বিভিন্ন অংশ ঝলসে গেছে। তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ওয়ার্ডে চিকিত্সাধীন রয়েছেন। ফজলুর রহমান নগরীর আকবর শাহ থানার বিশ্বকলোনি এলাকার আলাউদ্দিনের পুত্র।
গৌরনদী (বরিশাল) : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর কাসেমাবাদ ও মাহিলাড়া এলাকায় শুক্রবার রাতে একটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাক ভাঙচুর করেছে অবরোধ সমর্থনকারীরা।
কেন্দুয়া (নেত্রকোনা): কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের শিমুলতলায় শুক্রবার রাতে পণ্যবাহী ট্রাক ভাঙচুর করেছে অবরোধকারীরা। এ সময় ট্রাকের চালক হারুন মিয়া মারাত্মক আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে অবরোধকারীরা তিনটি সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর করেছে। এতে দুই নারী শ্রমিকসহ ৫ জন আহত হয়েছে। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইত্তেফাক রিপোর্ট: ঢাকা জেলা মহিলা দলের আহবায়ক সাবিনা ইয়াসমিন ও সাভার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিনি আক্তার উর্মিসহ মহিলা দলের ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে মামলা করেছে পুলিশ।
এছাড়া কলারোয়ায় বিএনপি-জামায়াতের ৬, উল্লাপাড়ায় জামায়াত নেতা মামুন হোসেন, নলছিটিতে বিএনপি-যুবদলের ৩, গাইবান্ধায় ২৬ এবং নোয়াখালী শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফরহাদ চৌধুরী চয়নসহ ১০ জন গ্রেফতার হয়েছেন।
