গতকাল শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অফিস থেকে দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের সই করা এক বিবৃতিতে বলা হয়, দেশের চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের বিবৃতিকে স্বাগত জানিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। তবে সহিংস ঘটনার নিরপেক্ষ ও কার্যকর তদন্তের জন্য সরকারের প্রতি যে আহ্বান জানানো হয়েছে, সে ব্যাপারে তাদের সংশয় আছে। বিবৃতিতে আরো বলা হয়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ পদে এমন সব লোকদের বসানো হয়েছে যে, তারা এখন আইন কানুন এবং তাদের আওতা, পরিধি ও কর্তব্যের সীমারেখা মেনে চলারও ধার ধারছে না। তারা বিরোধী দল ও জনগণকে কঠোর ভাষায় হুমকি ও ভয়-ভীতি দেখিয়ে ক্ষমতাসীনদের বিরুদ্ধে আন্দোলনের পরিণাম সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। ক্ষমতাসীনরা রাজনৈতিক সমস্যার রাজনৈতিক সমাধানে না গিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের রাজনীতির মাঠে নামিয়ে দিয়েছে বলে অভিযোগ করা হয় বিবৃতিতে। নিরাপত্তা বাহিনীর সদস্যদের উদ্দেশে বলা হয়, সুবিধাভোগী ও উচ্চাভিলাসের প্রতিযোগিতায় লিপ্ত এই সমস্ত কর্মকর্তাদের বেআইনি আদেশ-নির্দেশ মানতে আপনারা বাধ্য নন। আপনারা প্রকৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে জনগণের পাশে থাকবেন এবং আইনসম্মত পন্থায় কর্তব্য পালন করবেন।
