মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সারাদেশে নাশকতাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে পরিদর্শনে গিয়ে তিনি এই আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, যারা স্বাধীনতায় বিশ্বাস করেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, স্বাধীন জাতি হিসেবে বাঙালি বিশ্বের দরবারে মাথা উঁচু করে চলবে- এই নীতিতে বিশ্বাস করেন তাদের সবাইকে নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সোচ্চার হতে হবে।
তিনি বলেন, যারা মানুষ খুন করে, বোমা মারে, ধ্বংসাত্মক কাজ করে, গাড়ি পোড়ায়-তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। তাদের যেখানেই পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করতে হবে।
