ইন্টারনেটে ফ্রি ম্যাসেজ, ভয়েস কল ও ছবি আদান প্রদানের সফটওয়্যার ভাইবার ও ট্যাঙ্গো বন্ধ করে দিয়েছে সরকার। রবিবার সকাল থেকে ব্যবহারকারীরা সফটওয়্যার দুইটি দিয়ে বার্তা আদান প্রদান করতে পারছেন না। স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে চ্যাটিং এর জন্য ভাইবার ও ট্যাঙ্গো বিশ্বব্যাপী জনপ্রিয়।
তবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোন বিবৃতি দেয়নি।
বিভিন্ন মোবাইল অপারেটর সূত্রে জানা গেছে, বিটিআরসির নির্দেশে আজ ভোর পাঁচটা থেকে ভাইবার ও ট্যাঙ্গো বন্ধ করে দেয়া হয়েছে। নির্দেশে প্রথমে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সেবা দুটি বন্ধ রাখার কথা বলা হলেও পরে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বন্ধের সময়সীমা বাড়ানো হয়।
চ্যাটিং সেবা দুটি বন্ধের কারণ হিসেবে ধারণা করা হচ্ছে সরকারের ওপরের মহল থেকে এই নির্দেশ দেয়া হয়েছে। দেশে অব্যাহত সহিংসতা রোধ করতে ও সন্ত্রাসীদের আন্তঃযোগাযোগ বন্ধ করতে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
