আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ডিপ্লোম্যাটিক জোনে বসে বেগম জিয়া পেট্রোলবোমা হামলার নেতৃত্ব দিচ্ছেন। নিরীহ জনগণকে জীবন্ত পুড়িয়ে মারার ষড়যন্ত্র করছেন। কূটনৈতিকপাড়া থেকে বেগম জিয়ার কার্যালয় সরিয়ে নেয়া প্রয়োজন। আমি সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বলবো বিএনপি নেত্রির এ রাজনৈতিক কার্যালয় যেন সরিয়ে নেয়া হয়।
রবিবার সকালে ঢাকা রিপোটার্স ইউনিটিতে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে ড.হাছান মাহমুদ এ কথা বলেন।
মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার সময় বিএনপির টানা অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার সমালোচনা করে ড.হাছান মাহমুদ বলেন, শুধু নির্বাচনের সময়ই তারা কড়া মুসলমান হয়ে যান।বিএনপি ধর্মকে ব্যবহার করে শুধু ক্ষমতায় যাওয়ার জন্য। ইজতেমার সময় বিএনপি নেত্রী অবরোধ প্রত্যাহার না করে ইজতেমায় যোগ দিতে আসা লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লিদের বিঘ্ন সৃষ্টি করেছেন।
হাছান মাহমুদ বলেন, রাজনীতি হলো মানুষের কল্যাণের জন্য।কিন্তু বেগম জিয়া রাজনীতি করছেন ক্ষমতায় যাওয়ার লোভে মানুষের কল্যাণের জন্য নয়। যে জনগণ ভোট দিয়ে সরকার ও জনপ্রতিনিধিদের নির্বাচিত করে ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি নেত্রী সে জনগণের উপরেই পেট্রোলবোমা হামলা পরিচালনা করছেন। নিরীহ খেটে খাওয়া মানুষদের, চালক ভাইদের পুড়িয়ে মারছেন।
হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এড. শামসুল হক টুকু, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ সভায় বক্তব্য রাখেন ।
