ফখরুলসহ ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি হয়নি

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৫, ২০:১০
গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে রাজধানীর কলাবাগান থানার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি হয়নি। আগামী ১৮ মার্চ শুনানির জন্য ফের দিন ধার্য করা হয়েছে।
রবিবার এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। মামলার প্রধান আসামি ফখরুলকে কারাগার থেকে আদালতে হাজির না করায় ঢাকার মহানগর হাকিম আনোয়ার সাদত আসামির উপস্থিতিতে শুনানির জন্য পরবর্তী এ দিন ধার্য করেন।
আসামিদের অন্যতম আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ জানান, মির্জা ফখরুল অন্য মামলায় কারাগারে আছেন। অভিযোগ গঠন শুনানির জন্য কারাগার থেকে আসামিকে আদালতে হাজির না করায় সময়ের আবেদন করা হয়েছে।
২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপি-জামায়তসহ ১৮ দলীয় জোটের ডাকা অবরোধের দিন উস্কানিমূলক বক্তব্য ও প্ররোচনায় এবং মদদে মহাসড়কে অবস্থান নিয়ে নৈরাজ্য সৃষ্টি, যানবাহনে অগ্নিসংযোগ, ভাংচুর করে। পুলিশ তাদের ধাওয়া দিলে ঘটনাস্থল থেকে ১১ জনকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় মির্জা ফখরুলসহ এজাহারে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০/৩০ জনের বিরুদ্ধে গাড়ি ভাংচুর, পুলিশের কর্তব্যকাজে বাধা ও চুরির অভিযোগে মামলাটি করেন ওই থানার উপ-পরিদর্শক মাসুদ সিকদার।