বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে পুলিশের ভ্যান ও জলকামান সরিয়ে নেওয়া হয়েছে। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে এগুলো সরিয়ে নেওয়া হয়। তবে খালেদা জিয়ার 'নিরাপত্তার' দায়িত্বে থাকা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখনো তার কার্যালয়ের সামনে অবস্থান করছেন।
গুলশান থানা পুলিশ এ খবর নিশ্চিত করেছে।
এদিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদারও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত আড়াইটার দিকে হঠাৎ করে গুলশান কার্যালয়ের সামনে থেকে পুলিশের দুটি গাড়ি সরিয়ে নেওয়া হয়। এরপর জলকামানও সরিয়ে নেওয়া হয়।
গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে গত ১৬ দিন ধরে কার্যত অবরুদ্ধ হয়ে আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এর মধ্যে দফায় দফায় কার্যালয়ের প্রধান ফটকে তালা লাগানো ও খুলে দেওয়া হয়। সর্বশেষ গত ১৭ জানুয়ারি রাত পৌনে ১টার দিকে প্রধান ফটকে তালা দেওয়া হয়। পরদিন ১৮ জানুয়ারি সকালে তা আবার খুলে নেওয়া হয়। এরপর খালেদা জিয়ার কার্যালয়ের প্রধান ফটকে আর তালা লাগানো হয়নি।
