কালীগঞ্জে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:১৭

ঝিনাইদহের কালীগঞ্জে স্ত্রীকে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন শৈলেন কুমার (৫০) নামের এক ব্যবসায়ী। স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার এই ঘটনাটি ঘটে কালীগঞ্জে শহরের নীমতলা বাসস্টান্ডের থানা পাড়ায়। নিহত স্ত্রীর নাম রেবা রাণী (৪০)। বুধবার দুপুর আড়াইটার দিকে কালীগঞ্জ থানার পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

জানা গেছে, ওই দম্পতি শহরের নীমতলা বাসস্টান্ডের থানা পাড়ায় মোদাচ্ছের নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন। নিহত শৈলেন কুমার পেশায় একজন কাঁচামাল ব্যবসায়ী ছিলেন। ঘটনাস্থলে গিয়ে নিহত রেবা রাণীকে তাদের শোবার ঘরে বিছানার উপর পড়ে থাকতে দেখা যায়। পাশেই গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার স্বামী শৈলেন কুমারের ঝুলন্ত দেহ দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে নিহত শৈলেন কুমারের প্রথম স্ত্রী ঘরের ছাদ থেকে পড়ে মারা যাওয়ার পর রেবা রাণীর সঙ্গে বিয়ে হয়। এরপর কালীগঞ্জে এই ভাড়া বাড়িতে বসবাস শুরু করেন এই দম্পতি। তাদের বাড়ির পাশেই শৈলেনের ভাইরা ভাই উত্তম ঠাকুর থাকেন বলেও জানা গেছে।

আরও পড়ুন:  বেনাপোলে বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠিত

তবে কালীঘঞ্জ থানার ওসি ইউনুছ আলী বলেছেন, 'স্ত্রীকে হত্যা করে স্বামী শৈলেন কুমার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে'। তবে এই হত্যা ও আত্মহত্যার কারণ তাৎক্ষনিকভাবে বলতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ও ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ হাসাসুজ্জামান। এছাড়াও ঘটোনাস্থলে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ওসি ইউনুছ আলী। নিহত শৈলেন কুমারের বাড়ি যশোর সদর উপজেলার সাতমাইল ও রেবা রাণীর বাড়ি মাগুরা সদর উপজেলার নিত্যনন্দপুর গ্রামে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

ইত্তেফাক/জেডএইচডি