বগুড়ায় স্কুলশিক্ষককে গলাকেটে হত্যা

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৫, ১১:৩২

 

বগুড়ার ধুনটে জাহিদুল ইসলাম (৩২) নামে এক স্কুলশিক্ষককে গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী সীমা খাতুনকে (২৫) আটক করেছে পুলিশ। সোমবার ভোররাতে এই ঘটনা ঘটে। জাহিদুল পিরহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, রাতে জাহিদুল ও তার স্ত্রী প্রতিদিনের মতো ঘুমিয়ে পরে। ভোররাতে তার স্ত্রী চিৎকার করে কান্নাকাটি করে জানায়, তার স্বামীকে গলাকেটে হত্যা করা হয়েছে। কিন্তু কে বা কারা তাকে হত্যা করেছে তা জানাতে পারেননি সীমা। খবর পেয়ে পুলিশ সকালে লাশ উদ্ধার করে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, স্ত্রীর পরকীয়ার জের ধরে জাহিদুলকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সীমাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।