২০ দলীয় জোটের অবরোধের শিবির কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এসময় শিবির কর্মীরা একটি ট্রাক ভাংচুর করে। সোমবার সকাল সাড়ে নয়টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে বগুড়া শহরতলীর বেলাইলে এই ঘটনা ঘটে।
প্রত্যদর্শীরা জানায়, সকাল সাড়ে নয়টার দিকে হরতালের সমর্থনে শিবির কর্মীরা মহাসড়কের বেলাইলে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় তারা সড়কে পেট্রোল ঢেলে আগুন দিয়ে অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের ধাওয়া দেয়। এসময় তারা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে ও পাল্টা ধাওয়া দেয়। এ সময় পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে শিবির কর্মীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করার করলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।
শহরের ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (টিএসআই) শাহ আলম জানান, অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়েছে।
এদিকে, ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ ও হরতালের সমর্থনে জামায়াত-শিবির কর্মীরা সকালে শহরের হাকির মোড়, শেরপুর রোড ও সাবগ্রামে বিক্ষোভ মিছিল করেছে। অন্যদিকে, সকাল নয়টার দিকে শহরের শেরপুর রোডে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। বগুড়ায় সবধরনের যানবাহন চলাচল বন্ধ আছে। কিছু রিকশা ছাড়া শহরে কোনো যানবাহন চলছে না। দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
বগুড়া জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান জানান, নাশকতা ও ভাংচুরের মামলায় রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত বিএনপি ও জামায়াতের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
